দিন দর্পণ, কলকাতাঃ কলকাতা শহরে একের পর এক আবাসন হেলে যাওয়ার ঘটনায় সামনে এসেছে।পরপর একই রকম ভাবে আবাসন হেলে পড়ায় বাড়ি বিপর্যয় নিয়ে স্বাভাবিকভাবেই চাপে রয়েছে কলকাতা পুরসভা।ইতিমধ্যে বেশকিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।বাড়ি নির্মাণ ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পুরসভা।
কলোনির জমিতে বাড়ি তৈরি নিয়ে নয়া নিয়ম আনা হয়েছে।আধ কাঠা জমির ওপর বাড়ি নির্মাণ নিয়েও নতুন নিয়ম আনা হবে।নতুন নিয়ম অনুসারে, আধ কাঠা জমির ওপর বাড়ি নির্মাণ করতে চাইলে বাড়ির মালিকদের নকশা অনুমোদনের ক্ষেত্রে বিশেষ আর্থিক ছাড় দেবে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ।একইসঙ্গে, নতুন বিল্ডিং নিয়ম চালু হলে কলোনি জমিতেও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আধ কাঠা জমির উপর দু-তলার বেশি উঁচু বাড়ি নির্মাণ করা যাবে না।যদি বর্গফুট হিসেবে হয় তাহলে ৩২০ বর্গফুট জমিতে দু-তলা বাড়ি করা যাবে।সাধারণ জমির ক্ষেত্রে যে আড়াই ফুট থেকে ৩ ফুট ছাড়তে হয়, সেখানে সেই ছাড় প্রায় অর্ধেক করে দেওয়ার অনুমোদন দেওয়া হবে বলেও জানানো হয়েছে।তবে এই সুযোগ থাকবে শুধু কলোনির এলাকার ক্ষেত্রে।এই সমস্ত নিয়ম মেনে যদি সাধারণ মানুষ বাড়ি তৈরি করতে পারেন তাহলে তাতে আর কোনও ভোগান্তি থাকবে না।এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হবে নবান্নে। সেখান থেকেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
