দিন দর্পণ, আলিপুরদুয়ারঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কর্মসূচীর কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ঘোষণা অনুযায়ী আলিপুরদুয়ারে সুভাষিণী চা বাগানের মাঠে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি শাঁখ বাজিয়ে জাতির নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানেই নেতাজীর ১২৮ তম জন্মবার্ষিকীতে আরও একবার তাঁর ‘অন্তর্ধান রহস্যের’ প্রসঙ্গ তোলেন।সেই সঙ্গে নেতাজির মৃত্যু রহসের সমাধান না হওয়ার জন্য কেন্দ্রের উপরে সুড় চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর কথায়, ‘ নেতাজি বড় চক্রান্তের শিকার দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল আজও আমরা জানতে পারলাম না’।তিনি আরও বলেন, রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত ৬৪ টি ফাইল প্রকাশ করা হয়েছে। কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশ্যে আনছে না, সেই প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি নয় কেন? এদিন ফের সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।মমতা বলেন, ‘ নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশনায়ক দিবস হিসেবে পালন করতে পারেন সেজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা।অথচ আজও ওরা তা করেনি, তবে আমরা রাজ্যের তরফে নেতাজির জন্মদিনে সরকারি ছুটির ব্যবস্থা করেছি।’
কেন্দ্রের ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদির মুখে একাধিকবার শোনা গিয়েছে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার কথা।কিন্তু তাঁরা ক্ষমতায় আসার পর জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতির দোহাই দিয়ে অধিকাংশ ফাইলই প্রকাশ্যে আনা হয়নি।এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সেকথাও।তিনি মনে করিয়ে দিলেন, রাজ্য ৬৪ টি ফাইল প্রকাশ করেছে।কিন্তু কেন্দ্র কেন বাকি ফাইল প্রকাশ্যে আনছে না সেই প্রশ্ন তুললেন।মনে করিয়ে দিলেন, নেতাজিকে শ্রদ্ধা জানাতে রাজ্যের তরফে জয় হিন্দ বাহিনী-সহ কী কী পদক্ষেপ করা হয়েছে।
কেন্দ্রের সমালোচনা করে এদিন মমতা বলেন, ‘ উনি আমাদের দেশের বীর নায়ক।তিনি প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন।অথচ এখন সেটা তুলে দেওয়া হয়েছে।’ ইতিমধ্যে নেতাজি-সহ দেশের শহিদদের স্মৃতিতে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারকে আলিপুর মিউজিয়ামে পরিণত করেছে রাজ্য।এদিন সেই প্রসঙ্গও উল্লেখ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ৩০ হাজার উপভোক্তার হাতে সরকারি পরিষেবাও তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
