দিন দর্পণ, কলকাতাঃ সোমবার মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।লোক নির্বাচনের পর প্রথম যাচ্ছেন তিনি।মুর্শিদাবাদের লালবাগে তাঁর সভার স্থান চূড়ান্ত করা হয়েছে।নবাব বাহাদুর ইনস্টিটিটিউশন-এর মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হওয়ার কথা।জেলা প্রশাসন সূত্রে খবর,সোমবার সকালে হেলিকপ্টারে এসে সভা করে সোমবারই মালদহ চলে যাবেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সভার দিনক্ষণ চূড়ান্ত হতেই দফায় দফায় বৈঠকে বসেছেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা।ঐদিন, প্রশাসনিক সভা থেকে নানা সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি।জেলার জন্য কিছু নতুন প্রকল্পের উদ্বোধনও হতে পারে।সন্ধ্যায় মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদের পুলিশ জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা নবাব বাহাদুর ইনস্টিটিটিউশনের মাঠ ঘুরে দেখেন।
মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।সভাস্থলের পাশেই কোনও ফাঁকা জায়গায় হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর।প্রশাসনিক সূত্রেই জানা গিয়েছে, শুক্রবারও সভাস্থল পরিদর্শনে যেতে পারেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা।মাঠ ও হেলিপ্যাড চত্বর ইতিমধ্যেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।মুখ্যমন্ত্রীর সভার আগে বা সভা চলাকালীন যাতে অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তার জন্য বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।জেলার সীমানায় চলছে নাকা তল্লাশি।জঙ্গিপুর, জিয়াগঞ্জ, রঘুনাথগঞ্জ, বহরমপুর, লালবাগ, হরিহরপাড়া-সহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বাড়ানো হচ্ছে পুলিশি নজরদারি।
