kamduni case at supreme court- কামদুনি মামলায় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে সকলে
মিজানুর রহমান, ০১.০১.২৪ সময়- ৬.৫৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কামদুনি মামলা এখন সুপ্রিম কোর্টে। নতুন বছরের শুরুতেই অর্থাৎ, আজ মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। নির্যাতিতার পরিবারের সঙ্গে তাই দিল্লি গিয়েছেন প্রতিবাদী মৌসুমী কয়ালও। উল্লেখ্য, কামদুনিকাণ্ডের ১০ বছর পার। এই ঘটনায় নিম্ন আদালত যার ফাঁসির নির্দেশ দিয়েছিল, সাজাপ্রাপ্ত সেই ব্যক্তিকেই চলতি বছরের ৯ অক্টোবর বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট! ফাঁসির বদলে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বাকি দু’জনকে। রেহাই পেয়ে গিয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। হাইকোর্টের রায়ে চরম হতাশ নির্যাতিতার বাবা-দাদা ও দুই বান্ধবী টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল। যেদিন রায় ঘোষণা হয়, সেদিন হাইকোর্টে চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যাওয়ার কথা জানান তাঁরা। সুপ্রিম কোর্টে পাল্টা স্পেশাল লিভ পিটিশন দায়ের করে রাজ্য। সেই মামলারই শুনানি হওয়ার কথা রয়েছে আজ। প্রসঙ্গত, রাজ্যে তখন সদ্য পালাবদল ঘটেছে। প্রথমবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালের ৭ জুন উত্তর ২৪ পরগনার কামদুনিতে কলেজ থেকে ফেরার পথে প্রথমে ধর্ষণ, তারপর খুন করা হয় এক ছাত্রীকে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য। দোষীদের চরম সাজার দাবিতে শুরু হয় আন্দোলন।
