দিন দর্পণ, কলকাতাঃ আরএল-এর পর বিপাকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস।এবার ওই সংস্থার ১৪টি ওষুধ নিষিদ্ধ করল রাজ্য স্বাস্থ্য দফতর।মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত নির্দেশিকা এসেছে।সঙ্গে বলা হয়েছে, হাসপাতালের ওষুধের স্টোরে ওই ১৪টি ওষুধের স্টক থাকলে, তা সরিয়ে ফেলতে।
জানা গিয়েছে, বাতিল ওষুধগুলির মধ্যে অত্যন্ত জরুরি সাতটি ওষুধ বাইরে থেকে কিনতে বলা হয়েছে।সেই ওষুধের টাকা রাজ্য স্বাস্থ্য দফতর মেটাবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।অন্যদিকে, বুধবার দ্বিতীয় দিনের তদন্তে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছে সিআইডি-র তদন্তকারী দল।
স্বাস্থ্য দফতরের তরফে যে ১৪টি ওষুধ নিষিদ্ধ করা হয়েছে সেগুলি হল:-
- ডেস্কট্রোস ইঞ্জেকশন ১০% এমওএসএম/৬৫০ মিলি হাইপারটনিক
- লেভোফ্লক্সিসিন ইনফিউশন ৫ এমজি/১০০ মিলি
- মানিনটোল ইনফিউশন আইপি ২০%/১০০ মিলি
- অফ্লাক্সিন ইনফিউশন ২০০ এমজি/১০০ মিলি
- পেডিয়াট্রিক মেন্টেনেন্স ইলেকট্রোলাইট সলিউশন
- প্যারাসিটামল ইনফিউশন ১০০০ এমজি/১০০ মিলি
- সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন আইপি ০.৯%
- ডেস্কট্রোস সলিউশন আইপি ৫%
- রিংগার ল্যাকটেট সলিউশন আইপি ইঞ্জেকশন
- রিংগার সলিউশন আইপি ইঞ্জেকশন
- সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন
- সোডিয়াম ক্লোরাইড ০.৯% ডেস্কট্রোস ৫% আইপি ইঞ্জেকশন
- সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন ০.৪৫ শতাংশ ডেস্কট্রোস ৫% পলিপ্রপেলিন বটল ইন এফএফএস টেকনোলজি
- সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন আইপি ০.৯% নর্মাল
এই সমস্ত ওষুধগুলি এতদিন সরকারি হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সরবরাহ করত।সংস্থার সেই ওষুধগুলি নিয়ে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে।এই ১৪টি ওষুধ হাসপাতালে থাকলেও তা আর ব্যবহার করা যাবে না বলে পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড থেকে এখনই ওষুধগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।এই তালিকার প্রথম সাতটি ওষুধ অন্য সংস্থা সরবরাহ করবে।আর বাকি সাতটি ওষুধ বাইরে থেকে কিনতে হবে হাসপাতালগুলিকে ।এর জন্য প্রয়োজনীয় অর্থ স্বাস্থ্য দফতর বরাদ্দ করবে।
