দিন দর্পণ, মালদাঃ আবারও মালদহে তৃণমূল দলের প্রতিনিধি খুন।মাত্র ১২দিন আগে মালদহে গুলিতে লাল সরকারের খুন হয়।এবার কালিয়াচকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এক তৃণমূল কর্মী হাসা শেখ।এ ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও এসারউদ্দিন শেখ।রক্তাক্ত অবস্থায় আহত দুজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ।আচমকা চার-পাঁচজন সেখানে হাজির হন।বকুল শেখকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা।রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা।গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান তিনি। হাসা শেখের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।বাকি দুজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যালে।এই ঘটনায় উত্তপ্ত স্থানীয় এলাকার মানুষ।
কী কারণে এই গুলি চলল তা এখনও স্পষ্ট নয়।কে বা কারা বকুলদের উপর হামলা চালালেন, তাও জানা যায়নি।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।তবে এলাকার একাংশের মতে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কালিয়াচকে গুলি চালানোর ঘটনা ঘটেছে।তবে বকুলের অভিযোগ, অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছিলেন স্থানীয় এক তৃণমূল নেতা।বচসার মাঝেই আচমকা বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায়।মালদহের তৃণমূল নেতা আশিস কুন্ডু জানান, কে বা কারা এই ঘটনার নেপথ্যে জড়িত, তা পুলিশ খুঁজে বার করবেই।
