দিন দর্পণ, কলকাতাঃ এই মহাকুম্ভের মহোৎসব ১২ বছরে একবার হওয়ায় ভক্তদের উন্মাদনা একেবারেই তুঙ্গে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসে ভিড় করেছেন এই মহাকুম্ভের উৎসবে সামিল হতে।কিন্তু যারা এখনও মহাকুম্ভের উৎসবকে চাক্ষুস করেননি তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।কুম্ভমেলা উপলক্ষে কলকাতা থেকে বিশেষ ট্রেন ছাড়া হবে।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মহাকুম্ভ যাত্রার জন্য আগামী ২০ ফেব্রুয়ারি কলকাতা স্টেশন থেকে ছাড়া হবে ভারত গৌরব স্পেশ্যাল টুরিস্ট ট্রেন।৫ রাত ৬ দিন এই যাত্রা সম্পন্ন হবে।এই ট্রেন সফরে ঘুরে দেখা যাবে প্রয়াগরাজ, বারাণসী এবং অযোধ্যা।ট্রেনের এসি, নন এসি এবং জেনারেল কামরার জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থাও করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, ইকোনমি বা স্লিপার ক্লাসের জন্য মাথাপিছু খরচ হবে ১৯ হাজার ১০০ টাকা, থার্ড এসির জন্য মাথাপিছু খরচ ২৫ হাজার ১০০ টাকা।এই ট্রেনে থার্ড এসির কামরায় মোট ১৭৮টি সিট রয়েছে এবং স্লিপার ক্লাসে ৫০০টি সিট রয়েছে।শুধু ট্রেন যাত্রা নয়, ৫ দিন, ৬ রাতের থাকা-খাওয়ার ব্যবস্থাও থাকবে এই বিশেষ প্যাকেজে।এসি বা নন এসি হোটেল, সাইডসিইং ও করানো হবে।তার জন্য থাকবে বাসও।এই ট্রেনের সিট বুকিং করতে হলে আইআরসিটিসি-র ওয়েবসাইটে যেতে হবে।সেখান থেকেই বাকি তথ্য পেতে পারেন আগ্রহী যাত্রীরা।
প্রয়াগরাজে সোমবার ভোররাত থেকে শুরু হয়েছে মহাকুম্ভের পূণ্যস্নান।পৌষ পূর্ণিমা উপলক্ষে লক্ষ্য লক্ষ্য মানুষ জীবনের পাপ ধুয়ে ফেললেন গঙ্গা-যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে।বিশ্বের সর্ববৃহৎ আধ্যাত্মিক মেলা হল প্রয়াগরাজের পূর্ণকুম্ভ মেলা।এ বছর আনুমানিক মোট ৪৫ কোটি মানুষের সমাগম হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।যার জন্য রাজ্য সরকারের তরফে চক্রব্যুহ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।
