দিন দর্পণ, কলকাতাঃ এবার থেকে নিজেদের সময় মতো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসকরা।কারণ এই বিষয়ে সোমবার থেকে শনিবার সময়সীমা বেঁধে দিয়ে সরকারি চিকিৎসকদের উদ্দেশে নয়া ফরমান জারি করল স্বাস্থ্য দফতর।সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনও সরকারি শিক্ষক, চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না।এমনই আদেশনামা জারি করেছে স্বাস্থ্য দফতর।এই আদেশ নামা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে।
স্বাস্থ্যসাথী কার্ডে দেদার প্রাইভেট প্র্যাকটিস করেন চিকিৎসকদের একাংশ।তাঁরা আবার সরকারি হাসপাতালের ডাক্তার বলে অভিযোগ।আর তারপরই এমন নির্দেশ।খুবই তাৎপর্যপূর্ণ এই নির্দেশ।স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগমের জারি করা ৮ পাতার ওই নির্দেশে সরকারি শিক্ষক, চিকিৎসকদের ডিউটি রোস্টার তৈরি করে দেওয়া হয়েছে।রোগীদের স্বার্থে, ইমার্জেন্সি পরিষেবার উন্নতিতে ও মেডিক্যাল কলেজগুলিতে গবেষণার উন্নতির স্বার্থে একাধিক নির্দেশ জারি করা হয়েছে।এক টানা ১২ ঘণ্টার বেশি ডিউটি করা যাবে না বলেও জানানো হয়েছে।
সরকারি শিক্ষক, চিকিৎসককে সপ্তাহে কমপক্ষে ৪২ ঘণ্টা ডিউটি করতে হবে।এই নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, রাতে অন কল ডিউটিতে যে ডাক্তার থাকবেন তিনি পরদিন ‘ডে অফ’নিতে পারবেন না।আরএমও কাম ক্লিনিক্যাল টিউটরের পদ এখন নেই।তাই সেই পদের দায়িত্ব নিতে হবে বিভিন্ন মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপকদের।একই ইউনিটের দু’জনের বেশি শিক্ষক, চিকিৎসক একযোগে ছুটি নিতে পারবেন না।ইর্মাজেন্সি বিভাগেও পর্যাপ্ত কর্মীর উপস্থিত থাকার কথা বলা হয়েছে নির্দেশিকায়।কমিউনিটি মেডিসিন বিভাগকে সপ্তাহে ৬ দিন জেনারেল আউটডোর চালাতে বলা হয়েছে।ভর্তি থাকা রোগীর মৃত্যু হলে ‘ডেথ অডিট’ বাধ্যতামূলক উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।
