দিন দর্পণ, কলকাতাঃ শতাধী প্রাচীন স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহের নতুন নাম ঘোষণা করলেন ‘বিনোদিনী মঞ্চ ’।
১৪১ বছর আগে ১৮৮৩ সালে উত্তর কলকাতারই বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় স্টার থিয়েটার।সেই সময় নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ বিনোদিনীর কাছে স্টার থিয়েটার তৈরির টাকা জোগাড় করার জন্য অনুরোধ করেছিলেন।তাঁকে বলা হয়েছিল তাঁর নামেই নাম রাখা হবে থিয়েটারের।বিনোদিনী লেখেন, থিয়েটার যখন প্রস্তুত হয় তখন সকলে আমায় বলেন যে এই যে থিয়েটার হাউস হইবে, ইহা তোমার নামের সহিত যোগ থাকিবে।তাহা হইলে তোমার মৃত্যুর পরও তোমার নামটি বজায় থাকিবে।ঠিক হয়েছিল প্রেক্ষাগৃহের নাম হবে ‘বি’থিয়েটার।তাতে উৎসাহ পান বিনোদিনী।গিরিশচন্দ্র ঘোষের অনুরোধ ফেলতে পারেননি তিনি।বিনোদিনী তাঁর ভক্ত গুর্মুখ রায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা তুলে দিয়েছিলেন স্টার থিয়েটার তৈরির জন্য।সেই টাকাতেই শুরু হয় থিয়েটার তৈরির কাজ।থিয়েটার উদ্বোধনের কয়েক সপ্তাহ আগে বিনোদিনী জানতে পারেন থিয়েটারের নাম পাল্টে গিয়েছে।নতুন থিয়েটারের রেজিস্ট্রি হয়েছে ‘স্টার’ নামে।
১৮৮৩ সালে স্থাপিত এই নাট্যমঞ্চের নেপথ্যের কারিগর বিনোদিনী দাসী।যেখানে বিনোদিনীর নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন খোদ শ্রীরামকৃষ্ণ পরমহংস।বিভিন্ন সময়ে নাটক দেখতে পদধূলী পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো জগদ্বখ্যাত ব্যক্তিত্বদের।স্টার থিয়েটারে ঐতিহ্যকে ধরে রেখেই আধুনিকতার ছোঁয়া লেগেছে।নতুন বছর পড়ার আগে সেই প্রেক্ষাগৃহেরই নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী।এ যেন ১৪১ বছর আগের বিনোদিনী দাসীর স্বপ্নপূরণ হল।
১৮৮৩ সালে পথ বিডন স্ট্রিটে চলা শুরু হয় স্টার থিয়েটারের।পরে তা উঠে আসে বর্তমান বিধান সরণীতে।বর্তমানে বেসরকারি সংস্থার হাতে লিজ দেওয়া রয়েছে স্টার থিয়েটার।মূলত এখন সিনেমার প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় কলকাতার অন্যতম ঐতিহ্যশালী এই প্রেক্ষাগৃহ।২০২৫ সালেই মুক্তি পাচ্ছে বিনোদিনী দাসীর জীবনকাহিনী অবলম্বনে বাংলা সিনেমা ‘ বিনোদিনী: নটীর উপাখ্যান’।তার প্রাক্কালেই এ যেন বাংলা নাট্যজগতের ব্যক্তিত্বদের জন্য পরম পাওনা।পুরুষতান্ত্রিক নাট্যসমাজকে যিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন, সেই বিনোদিনীর নামেই স্টার থিয়েটারের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
