দিন দর্পণ, শ্রীনগরঃ ঠিক যেন আস্ত ডিপ ফ্রিজ।তীব্র ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত।কাশ্মীরের একাংশ, লাদাখ, হিমাচল প্রদেশের বহু হ্রদ, ঝরনা, নদী বরফে জমে যেতে শুরু করেছে।পার্বত্য অঞ্চলের তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রির নীচে।সঙ্গে কনকনে উত্তুরে হাওয়ার দাপট।এরই সঙ্গে জলের পাইপ লাইনেও বরফ জমে গিয়েছে।যার কারণে পর্যটকরা খুশি হলেও উত্তর ভারতের মানুষের মধ্যে জলসংকট দেখা দিতে শুরু করেছে।কাশ্মীরের অন্যতম আকর্ষণ ডাল লেকের জল বরফে পরিণত হয়েছে।ডাল লেকের উপরে বরফের আস্তরণ তৈরি হয়েছে।ঠান্ডার দাপটে পার্বত্য এলাকার মানুষের জনজীবন সঙ্কটের মুখে।বেশিরভাগ পানীয় জলের পাইপলাইন বন্ধ হয়ে গিয়েছে।
কাশ্মীর শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রির নীচে।ঠান্ডায় সবকিছু জমে যাওয়ার কারণে হিমাচল ও কাশ্মীরে সাধারণ মানুষের জীবনে জলকষ্ট দেখা দিচ্ছে।অন্যদিকে মানুষের পাশাপাশি পশু ও পাখিদের জলের অভাবে প্রাণ সংশয় হচ্ছে।কিন্তু, এই বরফের কারণে পর্যটকরা খুবই খুশি।মূলত দৈনিক ব্যবহার্য জলের উৎসগুলি বরফে জমে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়লেও জমিয়ে বরফ উপভোগ করছে পর্যটকরা।উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার টাংমার্গের বিখ্যাত দ্রুং জলপ্রপাত জমে বরফ হয়ে গিয়েছে।দেখলে মনে হবে পড়তে থাকা জল যেন মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে।আর তা দেখতে শয়ে শয়ে পর্যটক ভিড় জমাচ্ছেন সেখানে।
