MODI’S MASSAGE TO COUNTRYMEN- রাম মন্দিরের উদ্বোধনের দিনই গোটা দেশ সেজে উঠবে ‘অকাল’ দীপাবলির আলোয়। ১৪০ কোটি দেশবাসীর কাছে শনিবার রাম জন্মভূমি অযোধ্যা থেকে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দিন দর্পণ, অযোধ্যাঃ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে মেগা উদ্বোধন। গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে রাম মন্দিরের উদ্বোধনের জন্য। আমজনতার মধ্যে রামতীর্থ ঘিরে উন্মাদনা তুঙ্গে। আর এবার রাম মন্দিরের উদ্বোধনের দিনই গোটা দেশ সেজে উঠবে ‘অকাল’ দীপাবলির আলোয়। ১৪০ কোটি দেশবাসীর কাছে শনিবার রাম জন্মভূমি অযোধ্যা থেকে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেছেন, ‘ওই দিন (২২ জানুয়ারি) প্রতিটি ভারতবাসী বাড়িতে রামজ্যোতি (প্রদীপ) জ্বালাবেন।’ যারা অযোধ্যায় যেতে ইচ্ছুক, তাদের প্রতি মোদির বার্তা, ২৩ জানুয়ারি থেকে সকলেই সেখানে যেতে পারবেন। এর আগে রামমন্দির নির্মাণে তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অন্যতম শীর্ষকর্তা চম্পত রাইও গর্ভগৃহে ‘রামলালা বিরাজমান’-এর মূর্তি প্রতিষ্ঠার দিন ভক্তদের অযোধ্যায় যেতে নিষেধ করেছিলেন। মূলত নিরাপত্তার কারণেই রাই এ কথা বলেছেন বলে তখন জানা গিয়েছিল।
শনিবার অযোধ্যার নবনির্মিত রেলস্টেশন এবং বিমানবন্দরের উদ্বোধন করে জনসভা করেন প্রধানমন্ত্রী। সভায় ২২ জানুয়ারি দেশবাসীকে অযোধ্যায় না-যাওয়ার পরামর্শ দিয়ে মোদি বলেন, ‘ভক্ত হিসাবে ভগবান রামের অসুবিধা হয়, এমন কিছু কাজ করা আমাদের উচিত হবে না।’ একই সঙ্গে প্রধানমন্ত্রীর সংযোজন, ‘আপনারা সকলেই ২৩ জানুয়ারি থেকে (অযোধ্যায়) আসতে পারবেন। রামমন্দির এখন থেকে সকলের জন্য চিরতরে খোলা থাকবে।’
মোদি আরও বলেন, ‘এই রামনগরীর বাসিন্দাদের কাছে অনুরোধ, এই অযোধ্যাকে ভারতের সবচেয়ে স্বচ্ছ শহর হিসেবে গড়ে তুলুন। মকর সংক্রান্তি অর্থাৎ ১৪-২২ জানুয়ারি সাফাই অভিযান চলুক গোটা দেশে। প্রভু রাম গোটা দেশের। তাই তিনি যখন আসছেন তখন দেশের একটিও তীর্থক্ষেত্র যেন জঞ্জালে ভরা না থাকে। দেশের জন্য নবসংকল্প নিন।’
অযোধ্যার মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা সংক্রান্ত অনুষ্ঠানের দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় ‘গ্যারান্টি’ শধটিও। এই শধটি টেনে এনে প্রধানমন্ত্রী জানান যে, তিনি অযোধ্যার উন্নয়ন নিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলির সবগুলিই প্রায় রক্ষা করতে পেরেছেন। অযোধ্যাকে ‘স্মার্ট সিটি’ হিসাবে তুলে ধরার কথাও জানান তিনি। এখন অযোধ্যা ধাম স্টেশনে ১০-১৫ হাজার মানুষের যাতায়াতের জায়গা আছে। স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে এখানে দিনে প্রায় ৬০ হাজার মানুষ যাতায়াত করতে পারবেন।
আগামী ২২ জানুয়ারি রামলালা অর্থাৎ রামচন্দ্রের শিশুবেলাকে কল্পনা করে তৈরি করা মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে। প্রাণপ্রতিষ্ঠা হওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদি। এ ছাড়াও দেশ-বিদেশের বিশিষ্ট মানুষদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
——————–
