দিন দর্পণ, কলকাতাঃশীতের শাকসবজি এবং আলুপেঁয়াজের দাম ইতিমধ্যেই উর্দ্ধমুখী।মাছের দামও খুব একটা নাগালে নেই।কিন্তু এবার ডিমের দামও তুঙ্গে।ডিমের দাম বাড়ায় নাভিশ্বাস মধ্যবিত্তের।একসপ্তাহ আগে বাজারে একটা ডিমের দাম ছিল সাড়ে পাঁচ টাকা।কেউ কেউ ৬ টাকাতেও বিক্রি করেছিলেন।কিন্তু শুক্রবার থেকে ডিমের দাম একধাক্কায় সাড়ে ৭ টাকা হয়েছে।এমনকী শনিবার সকালে বহু বাজারে ডিম বিক্রি হয়েছে ৮ টাকায় এমনটাই অভিযোগ সাধারণ মানুষের।
ডিমের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতাদের একাংশ।তারা জানান, বাজারে টাস্ক ফোর্সের প্রতিনিধির নজরদারী চলাকালীন কীভাবে এতটা দাম বাড়তে পারে।বেশ কয়েকজন ক্রেতা ক্ষোভ উগরে দিয়ে বলেন, আলুর দামই যারা কমাতে পারে না, তারা আবার ডিমের দাম কি কমাবো।বেশিরভাগ বাজারেই ডিমের দাম হয়েছে সাড়ে সাত টাকা।সামনেই বড়দিন উপলক্ষে কেক বানানোয় ডিমের চাহিদা আরও বাড়বে।তাই এখন থেকে দাম বাড়িয়ে রাখা হয়েছে।
দাম বাড়ার প্রসঙ্গে ব্যবসায়ীদের কয়েকজন জানান, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় কিছুদিন আগে পর্যন্ত ডিমের তেমন চাহিদা ছিল না।একদিকে ডিমের জোগান কম, অপরদিকে মুরগির খাবারের দাম অনেক বেড়ে গিয়েছে।তাই দাম বেড়ে গিয়েছে।দুর্গাপুজো এবং দীপাবলির পরেও ডিমের দাম এতটা ছিল না।একসপ্তাহ আগে হঠাৎই চড়তে শুরু করেছে ডিমের দাম।৬ টাকা থেকে বেড়ে হয় সাড়ে ৬ টাকা।তারপরই হয়ে গেল ৭ টাকা।এখন সাড়ে ৭ টাকা ও ৮ টাকায় বিক্রি হচ্ছে ডিম।
