দিন দর্পণ, কলকাতাঃ বারাসাত মেডিক্যাল কলেজের সামনে খোলা ভ্যাটে পড়ে আছে মানুষের দেহাংশ। ক্ষতবিক্ষত দেহাংশ পড়ে আছে হাসপাতালের সামনের ভ্যাটে। মানুষের শরীরের হাত, পা, দাঁত, চোখ-সহ অন্যান্য অঙ্গ কাটা অবস্থায় পড়েছিল। সঙ্গে সঙ্গে এলাকার স্থানীয় মানুষদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালের সামনে মানুষের ভীড় লেগে যায়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সেই দেহাংশ তুলে মর্গে পাঠানো হয়।
প্রতি দিনের মত সকালে সাফাই কর্মীরা মেডিক্যাল কলেজের ভ্যাট পরিষ্কার করতে আসেন। সাফাইকর্মী নিতাই মন্ডল জানান, প্রতিদিনের মতো আজ সকালে আমি ভ্যাট পরিষ্কার করতে গিয়েছিলাম। তখন দেখি, ভ্যাটের মধ্যে মানুষের হাত, পা, দাঁত, চোখ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কাটা কাটা অবস্থায় পড়ে রয়েছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এ নিয়ে হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রনজিত মুখোপাধ্যায় বলেন, এটা কোনও বেওয়ারিশ দেহ নয়। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য দেহ আনা হয়েছে। সেটি ওখানে ফেলে রেখেছে হয় তো মেডিক্যাল পড়ুয়ারা। এটা সরিয়ে দেওয়া হবে। এদিন হাসপাতালে আসা রোগীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বারাসত হাসপাতালের সুপার সুব্রত মন্ডল বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ দেখছে। তার বেশি আমি কিছু বলতে পারব না।
