দার্জিলিং চিড়িয়াখানায় প্রাতঃভ্রমণে মুখ্যমন্ত্রী মমতা


দিন দর্পণ, শিলিগুড়িঃ উত্তরবঙ্গ সফরের মাঝেই দার্জিলিং চিড়িয়াখানার দুই তুষার চিতার নাম রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটির নাম ডার্লিং এবং অন্যটির নাম চার্মিং। ওই দুটি নাম ঘোষণার পাশাপাশি আরও চারটি রেডপান্ডার নামকরণ করেন তিনি। মমতা জানান, চার রেডপান্ডা শাবকের নাম হিলি, পাহাড়িয়া, ভিকট্রি ও ড্রিম। এমন মিষ্টি নামকরণে বেজায় খুশি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের আধিকারিক থেকে কর্মীরা। এছাড়াও পার্কের বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন সমস্যার বিষয়েও সরব হতে দেখা যায় তাঁকে।

সরকারি কর্মসূচিতে ইতিমধ্যেই দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করেন তিনি। পাহাড়ে গেলেই সকালে প্রাতভ্রমণের অভ্যাস মুখ্যমন্ত্রীর। সেই রুটিন মেনেই এদিন সকালে দার্জিলিং শহরের পাহাড়ি পথে হাঁটতে বেরিয়েছিলেন। রিচমণ্ড হিল থেকে নেমে সরাসরি হিলকার্ট রোড ধরে যাওয়ার পথে দার্জিলিং পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্কের সামনে হঠাৎই থমকে যান তিনি। চিড়িয়াখানার নতুন দুই অতিথিকে দেখে ভারী খুশি হন মুখ্যমন্ত্রী। ওই চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ তাঁদেরই ব্রিডিং সেন্টারে জন্ম নেওয়া দুটি তুষার চিতা ও রেড পান্ডার নামকরণ করার অনুরোধ জানান। এই অনুরোধের সায় দিতেই তাদের নাম রাখেন মুখ্যমন্ত্রী। জুলাই মাসের শেষের দিকে রেডপান্ডা নিক্কি এবং প্রসন্নের চার শাবকের জন্ম হয়েছে। পাশাপাশি একই সময়ে তুষার চিতা রাহানার দুই শাবকের জন্ম হয়। ২৪ ঘণ্টাই তাদের দেখাশোনা করছেন চিড়িয়াখানার কর্মীরা সহ চিকিৎসকরাও। জুলাই মাসে নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে ব্রিডিং সেন্টার সহ চিড়িয়াখানায় ১১টি তুষারচিতা এবং ১৯টি রেডপান্ডা রয়েছে। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *