SC SANDESHKHALI- জরুরী ভিত্তিতে শুনানি হবে না সন্দেশখালিকাণ্ডেঃ সুপ্রিম কোর্ট


সুপর্ণা দে, ০৬.০৩.২৪ সময়ঃ ০২.৪২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে জরুরী শুনানির আবেদনের আর্জি খারিজ করে দেওয়া হল৷ তাতে বলা যায়, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার৷ উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলো রাজ্য সরকার৷ জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন করা হয়৷ সেই মতো বুধবার সকালে সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে  দ্রুত মামলা শোনার আবেদন জানান৷ তবে সেই আবেদন খারিজ করে দেয় বেঞ্চ৷ বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “আপনারা আবেদন করুন৷ দেশের প্রধান বিচারপতি লাঞ্চের আওয়ারে জরুরি ভিত্তিতে শুনানির আবেদনের তালিকা দেখেন৷ তিনি এই আবেদন তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দেবেন৷” তাই আপাতত সিবিআই তদন্তের বিরোধিতার আবেদন খারিজ হল শীর্ষ আদালতে৷ উল্লেখ্য, ৫ জানুয়ারি সন্দেশখালিতে রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সেখানে শাহজাহানকে পাওয়া যায়নি৷ উল্টে ইডির হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এমনকী এক আধিকারিকের মাথা ফেটে যায়৷ এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ও বসিরহাটের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানায় ইডি৷ এদিকে সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধে ন্যাজাট থানায় একটি এফআইআর করে রাজ্য৷ ইডি হামলার এই ঘটনার মামলায় হাইকোর্ট সিট গঠনের নির্দেশ দিলেও পরে তাতে স্থগিতাদেশ জারি করে আদালত৷ ২৯ ফেব্রুয়ারি রাজ্য পুলিশের হাতে শেখ শাহাজাহানের গ্রেফতারির খবরটি সামনে আসে৷ গ্রেফতারির পর সিআইডি শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয়৷ এই মামলাতেই ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়৷ ইডির তরফে এই মামলার তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা প্রকাশ করা হয়৷ তাই সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদন জানায় ইডি৷ ৪ মার্চ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় ইডি৷ মঙ্গলবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ রাজ্য পুলিশকে স্পষ্ট নির্দেশ দেয়, শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে৷ আর ইডি হামলার এই মামলাটির তদন্ত করবে সিবিআই৷ কলকাতা হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *