সুপর্ণা দে, ০৫.০৩.২৪ সময়- ০৬.০১
দিন দর্পণ ডিজিটল ডেস্কঃ সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়। ১৭ জানুয়ারী ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করারও নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ সেই মতো ভবানীভবনের সামনে চলে যান সিবিআইয়ের আধিকারিকরা৷ তবে এর পাল্টা হিসেবে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার৷ এখন প্রশ্ন হচ্ছে, কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে শাজাহানকে তুলে দেওয়া হল- জানা গিয়েছে,শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার করার পরই ইডি-র তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল, রাজ্য পুলিশ, সিআইডির হাতে শেখ শাহজাহান থাকলে পিএমএলএ মামলা ও ইডি-র ওপর হামলার তদন্ত- দুটো ক্ষেত্রেই তথ্য প্রমাণ নষ্ট হতে পারে
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ইডির বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছিল ন্যাজাট থানায়। সোমবার হাইকোর্টে ইডি জানিয়েছিল তাদের আধিকারিকদের উপর হামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক৷ কারণ রাজ্য পুলিশ এই মামলার দায়ভার নিজেদের হাতে নিতে চাইছিল তাই তদন্তভার যদি তাদের হাতে যায়, তাহলে তথ্যপ্রমাণ লোপাট হয়ে যেতে পারে৷ তাই এই তদন্তের ভার দেওয়া হোক সিবিআইকে৷ আর মঙ্গলবার তাতেই সিলমোহর দিল হাইকোর্ট৷
