ELEPHANT- বাংলাদেশের পর এরাজ্যে হাতির তাণ্ডব


সুপর্ণা দে, ২৪.০২.২৪ সময়ঃ ০৪.৪৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

শনিবার দিনভর হাতির তাণ্ডবে নাজেহাল হতে হলো শিলিগুড়ির ভোলা মোড়, এনজেপি-সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। জানা গিয়েছে, শনিবার ভোরে আমবাড়ি বাইপাস রাস্তা ধরে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি। এরপর সে এনজেপি-সংলগ্ন টি পার্ক এবং ফোর্থ ব্যাটালিয়নের মাঝের জঙ্গলে ঢুকে পড়ে। যাতে লোকালয়ে চলে না আসতে পারে। তাকে অন্যত্র ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে হাতি শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গেও নানা সমস্যা তৈরি করছে। যেমন, হাতি হামলা চালাচ্ছে বিষ্ণুপুরে। ক্ষোভ বাড়ছে বিষ্ণুপুরের বাগডহরা বেলশুলিয়া এলাকায়। বাঁকুড়ার বিভিন্ন জঙ্গল থেকে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছে বুনো হাতির দল। কিন্তু ফেরার পথেও বিষ্ণুপুর বনবিভাগের বগডহরা বেলশুলিয়া এলাকায় ক্ষয়ক্ষতি এড়ানো যাচ্ছে না। হাতির হামলায় প্রতিদিন একরের পর একর জমির ফসল নষ্ট হচ্ছে। স্থানীয় চাষি, বন দফতরের কর্মী ও হুলা পার্টির সম্মিলিত প্রচেষ্টার পরেও ঠেকানো যাচ্ছে না ক্ষয়ক্ষতি।

মিলছে না যথাযথ ক্ষতিপূরণও। অতএব এলাকা জুড়ে ক্রমশই তীব্র হচ্ছে মানুষের ক্ষোভ। মাসপাঁচেক আগে দলে দলে পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার হাতি ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিভিন্ন জঙ্গল ঘুরে হাতির দল বড়জোড়া ও বেলিয়াতোড় এলাকার জঙ্গলে হাতির দল গত কয়েকমাস ধরে স্থায়ীভাবে থাকায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন বিষ্ণুপুর, জয়পুর এলাকার আলুচাষিরা। কিন্তু মাসপাঁচেক পর হঠাৎ সেই হাতির দল ফের পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে ফিরতে শুরু করায় নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক।

স্থানীয়দের দাবি, পশ্চিম মেদিনীপুরে ফেরার পথে বিষ্ণুপুর-লাগোয়া বাঁকাদহ ও জয়পুরের জঙ্গলে ছড়িয়ে পড়েছে হাতিগুলি। দিনের বেলায় হাতিগুলি জঙ্গলে থাকলেও সুর্য ডুবতেই জঙ্গল ছেড়ে নেমে আসছে ফসলের জমিতে। ইতিমধ্যেই এলাকায় বিঘের পর বিঘে আলু ও সবজিজমি তছনছ করে দিয়েছে হাতির পাল। খবর পেয়ে মাঝেমধ্যে হাতির দলকে ফের জঙ্গলে পাঠাতে হুলা পার্টি সচেষ্ট হলেও বুনো হাতির দলকে বাগে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাঁদের। বাড়ছে ক্ষোভও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *