সুপর্ণা দে, ২৪.০২.২৪ সময়ঃ ০৪.২৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
সৈকতসুন্দরী দিঘায় পুরীর মতো জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। শোনা যাচ্ছে, এবার সেখানে একটি রামমন্দির তৈরি করার দাবিও উঠছে! পূর্ব মেদিনীপুরের সৈকতনগরী দিঘার সমুদ্র সৈকতে দিঘা শ্যামাপ্রসাদ মুখার্জী ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে দিঘায় রামমন্দির গড়ে তোলার আবেদন জানানো হয়। সেই সঙ্গে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকের কাছে একটি লিখিত আবেদনও জানানো হয়। আবেদনে বলা হয়েছে, রামমন্দির গড়ে তোলার জন্য সরকার পক্ষ শুধু জমিটুকু প্রদান করুক, মন্দির বা মেডিটেশন সেন্টার গড়ে তোলার বাকি সব খরচ আবেদনকারীরাই বহন করবেন!
প্রসঙ্গত, দিঘায় ২২ একর জায়গার উপরে গড়ে উঠেছে জগন্নাথ মন্দির। যার উদ্বোধন কিছুদিনের মধ্যেই হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। সেই সূত্রেই ভারতীয় সনাতনী এবং শ্যামাপ্রসাদ মুখার্জী ব্যবসায়ী কমিটির উদ্যোগে রামমন্দির গড়ে তোলা নিয়ে দাবি তোলা হয়েছে।
পাশাপাশি, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকেও দিঘায় একটি মসজিদ গড়ে তোলার জন্য ইতিমধ্যেই দাবি জানানো হয়েছে। সেই কাজ যাতে দ্রুত হয় তার জন্য দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদকে সংস্থার পক্ষ থেকেও আবেদন জানানো হয়েছে।
অপর দিকে, দিঘায় রামমন্দির গড়ে তোলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। যদিও সংস্থা সভাপতি তপন মাইতি, তিনি একাধারে বিজেপির রাজ্য নেতৃত্বও, বলেন, এখানে বহু হিন্দু ধর্মালম্বী মানুষ আসেন, সমুদ্রস্নান করার পরে তাঁরা রামমন্দিরে যেতে পারবেন। তিনিও জানান, সেখানে একটি মেডিটেশন সেন্টার গড়ে তোলারও দাবি জানানো হয়েছে।
