সুপর্ণা দে, ২৪.০২.২৪ সময়ঃ ০২.৪০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
শুক্রবারের পর শনিবারও সন্দেশখালিতে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের দল৷ ঘুরে দেখেন সন্দেশখালির পরিস্থিতি৷ কথা বলেন স্থানীয়দের সঙ্গে৷ বলা বাহুল্য, শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের ৬ সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালির একাধিক জায়গায় যায়৷ প্রথমে তারা যায় সন্দেশখালি থানায়৷ সেখানে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা৷ গ্রামবাসীরা পুলিশের কাছে কী কী অভিযোগ জমা করেছেন, সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করেন তাঁরা৷ উল্লেখ্য, এর আগে ১৫ তারিখ সন্দেশখালিতে আসে জাতীয় তফসিলি কমিশন৷ কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের সামনে স্থানীয় মহিলারা একাধিক অভিযোগ করেছিলেন৷ দিল্লি ফিরে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেয় কমিশন৷ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশও করা হয়৷ এরপর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার নেতৃত্বাধীন একটি দল সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলেন৷ রেখা শর্মাও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলেন৷ এর জাতীয় এসটি কমিশনও পরিস্থিতি খতিয়ে দেখছেন৷ এবার শুক্র ও শনি ২ দিন ধরে সন্দেশখালির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন জাতীয় মানবাধিকার কমিশন৷ এর আগে রাজ্য সরকারের কাছে এই নিয়ে রিপোর্ট চেয়েছিল কমিশন৷
