সুপর্ণা দে, ২২.০২.২৪ সময়ঃ ০২.০২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
আচমকাই পূর্ব সিকিমের নাথুলায় শুরু হয়েছে তুষারঝড়৷ আটকে পড়েন প্রায় ৫৫০ জন পর্যটক৷ তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা, শিশু এবং বয়স্কও ছিলেন৷ দু-দফায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করেন ভারতীয় সেনা জওয়ানরা। এই বিষয়ে ভারতীয় সেনার কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, “ভারতীয় সেনা এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য সব সময় প্রস্তুত থাকে।
জানা গিয়েছে, প্রায় ১৭৫টি গাড়ি করে পর্যটকরা নাথুলা পাস ঘুরতে গিয়েছিলেন। হঠাৎ তুষার ঝড়ে তাঁরা আটকে যান৷ তুষারপাতের জেরে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায়। পরিস্থিতি খারাপ হয়েছে বুঝতে পেরেই স্থানীয় ট্যুর অপারেটর পূর্ব সিকিমের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। আবহাওয়া ব্যাপক খারাপ থাকায় ভারতীয় সেনার সাহায্য চায় জেলা প্রশাসন। খবর পেয়েই ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা অভিযানে নামেন।
যদিও ততক্ষণে বেশ কয়েকজন মহিলা শ্বাস নিতে না-পারায় অসুস্থ হয়ে পরেন। তাঁদের সেনার বেস ক্যাম্পে নিয়ে আসা হয়। পর্যটকদের প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও গরম পোশাক তুলে দেওয়া হয়। রাতে তাদের ক্যাম্পেই খাওয়াদাওয়া ও থাকার ব্যবস্থা করা হয়। পর্যটকদের জন্য নিজেদের রাতের থাকার জায়গা ছেড়ে দেন জওয়ানরা। সকালে নিরাপদে ওই পর্যটকদের সড়কপথে গ্যাংটকে ফেরার ব্যবস্থা করেন।
