সুপর্ণা দে, ২০.০১.২৪ সময়ঃ ০৪.৪৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ফের গ্রেফতার হলেন প্রসন্ন রায়৷ তবে এবার তিনি সিবিআইয়ের হাতে নয়, এবার তিনি গ্রেফতার হলেন ইডির হাতে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে প্রসন্ন রায়ের৷ মিডলম্যান হিসেবে কাজ করছিলেন তিনি৷ এমনটাই অভিযোগ রয়েছে তার নামে৷ সেই অভিযোগে সিবিআই তাকে গ্রেফতার করেছিলো৷ এছাড়াও তার আয় বহির্ভূত সম্পত্তির খোঁজ মিলেছিলো৷ কিন্তু গত নভেম্বরে জামিন পান তিনি৷ তার হয়ে মামলাটি লড়েছিলেন আইনজীবী মুকুল রোহত্যাগী৷ সোমবার দিনভর ইডির আধিকারিকরা তাকে জেরা করে রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ গ্রেফতার করে।
জানা গিয়েছে, প্রসন্ন রায় আগে রঙের মিস্ত্রি ছিলেন। ছোট ছোট কন্ট্র্যাক্ট নিয়ে কাজ করতেন। মাত্র কয়েক বছরের মধ্যেই উল্কার গতিতে বাড়তে থাকে সম্পত্তি। নিউটাউনের বলাকা আবাসনে রয়েছে তার দুটি ফ্ল্যাট, কেএলসি থানা এলাকায় রয়েছে একটি বিলাসবহুল বাংলো। একাধিক এসইউভি। একটি মার্সিডিজ বেঞ্জ। এবার তাঁর কাছ থেকে আর নতুন কি তথ্য বেরিয়ে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন গোয়েন্দা আধিকারিকরা
