সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৫.১৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
ব্যাডমিন্টনের এশিয়া চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা৷ প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারতীয় মহিলা দল৷ আজ প্রতিপক্ষ জাপানকে ৩-২ স্কোরে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছেন পিভি সিন্ধুরা৷ যদিও, ভারতের তারকা শাটলার প্রথম ম্যাচে আয়া ওহরির কাছে স্ট্রেট গেমে হেরেছেন৷ তবে, পরের চার ম্যাচে দারুণভাবে কামব্যাক করেন তৃষা, গায়েত্রী, অস্মিতারা৷ ফাইনালের প্রবেশের সঙ্গেই টুর্নামেন্টে রুপো নিশ্চিত করে ফেলেছে ভারত৷
আজ সেমিফাইনালে জাপানের আয়া ওহরির বিরুদ্ধে সিঙ্গলসে খেলতে নামেন পিভি সিন্ধু৷ অলিম্পিক পদক জয়ী তারকা শাটলার শুরুটা দারুণ করেছিলেন৷ ওহরির বিরুদ্ধে শুরুতেই লিড নেন তিনি৷ কিন্তু, প্রথম গেমে শেষের দিকে হঠাৎই ছন্দ হারান সিন্ধু৷ ফলে ওহরি সুযোগ পান কামব্যাক করার এবং ২১-১৭ পয়েন্ট সিন্ধুকে প্রথম গেমে হারান তিনি৷ দ্বিতীয় গেমে সিন্ধু ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন৷ কিন্তু, ২২-২০ পয়েন্টে দ্বিতীয় ও ম্যাচ স্ট্রেট গেমে হেরে যান তিনি৷
দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করেন ডাবলস জুটি তৃষা এবং গায়েত্রী৷ তাঁরা দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনালের স্কোরলাইন ১-১ করে দেন৷ ম্যাচে জাপানের ডাবলস জুটি মাতসুয়ামা-শিদাকে ২১-১৭, ১৬-২১, ২২-২০ গেমে হারিয়েছেন ভারতীয় জুটি৷ ভারতকে এই জয়ের ধারা বজায় রাখতেই হত৷ আর সেটাই করে দেখান অস্মিতা চালিহা৷
