সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০২.২৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে রাজ্য মন্ত্রিসভায় রদবদল। মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর হাতে থাকা দফতরগুলির দায়িত্ব দেওয়া হল সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। পাশাপাশি বন দফতরের দায়িত্ব দেওয়া হল বীরবাহা হাঁসদাকে৷ অর্থাত্ পার্থ চট্টোপাধ্যায়ের পথেই হাঁটানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে৷ আবার মুখ্যমন্ত্রীর পরামর্শে পার্থ ভৌমিককে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রি-কনস্ট্রাকশনের দায়িত্ব দিলেন রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস৷ জানা গিয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে এনিয়ে বিস্তর আলোচনা হয়েছে৷ তারপরই এই সিদ্ধান্ত।
বলা বাহুল্য, রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিকের অপসারণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এতদিন তাঁর পাশে ছিল দল। কিন্তু শুক্রবার আচমকায় তাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হল। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি বিশ্বাস করি না জ্যোতিপ্রিয় মল্লিক চোর।” কিন্তু আচমকাই লোকসভা নির্বাচনের আগে তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনাবলী মনে করছে রাজনৈতিক মহল। এর কিছু পিছনে মূল কারণ কী তা নিয়ে অবশ্যই সংশয় থাকছে।
