সুপর্ণা দে, ১৬.০২.২৪ সময়ঃ ০৩.৫৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ প্রয়াত হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অধুনা বিধায়ক ইদ্রিস আলি। কয়েক দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শুক্রবার রাত ২টো ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরে এবং উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র জুড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদ্রিস আলির মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রয়াত বিধায়কের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। বিধায়কের পরিবার সূত্রে খবর, শুক্রবারই পার্ক সার্কাসের একটি কবরস্থানে তাঁর দেহ দাফন করা হবে।
