পূজা বিশ্বাস, ১৫.০২.২৪ সময়ঃ ০৩.৩৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ এই প্রথম সরস্বতী পুজো হল না পূর্ব বর্ধমানের দু-নম্বর ব্লকের বৈকুন্ঠপুর- ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ৩৫ বছরের পুরোনো স্কুল এটি। তার মধ্যে এই ঘটনা প্রথম। প্রতি বছরের মতো এই বছরও সকালবেলা স্কুলের কচিকাচারা সেজেগুজে স্কুলে এসে দেখে তালা বন্ধ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। এমনকি স্কুলে যে পুজো হবে না, সেটাও জানায় নি স্কুলের তরফে, এমন অভিযোগও উঠেছে।
এদিকে পুজো না হওয়ায় মন খারাপ পড়ুয়াদেরও।
পাশাপাশি স্কুলের মিড-ডে মিলে ঠিক মতো খাবার দেওয়া হয় না বলেও এদিন ক্যামেরার সামনে অভিযোগ করেন অভিভাবকরা।
আবার স্কুলের নামে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুদেষ্ণা রায় বসাক। তিনি জানিয়েছেন, পুজো হবে না- সেটা তিনি অভিভাবকদের জানিয়েছেন। এমনকি মিড-ডে মিলের খাবার দেওয়া নিয়ে যে অভিযোগ উঠেছে, সেটাও সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মাত্র তিন জন শিক্ষিকা রয়েছেন। তার মধ্যে একজন ছুটিতে রয়েছেন, একজনের শাশুড়ি মারা গিয়েছেন এবং বাকি ১ জনের পক্ষে পুজো করা সম্ভব নয়।
সরস্বতী পুজো মানে বাঙ্গালীর আবেগ জড়িয়ে রয়েছে, এদিন কোনো স্কুলে লেখাপড়া না হলেও এই পুজোকে ঘিরে স্কুল চত্ত্বর হয়ে ওঠে প্রাণবন্ত। কচিকাচাদের কল্লোলে গমগম করে ওঠে স্কুল চত্ত্বর। কিন্তু এদিন গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় হয়ে থাকলো তালাবন্দী হয়ে। এটা নিশ্চই কাম্য ছিলো না।
