শান শেখ, ১৩.০২.২৪ সময়ঃ ০৬.০০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বিয়ের দিন নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার পল্লীশ্রী গ্রামের। এই গ্রামের ১৬ বছর ৩ মাস বয়সী নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন। নাবালিকা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এনিয়ে নাবালিকার পরিবার জানিয়েছে, মেয়েটি প্রেমের সম্পর্কে রয়েছে। যদি তারা কোনোদিন পালিয়ে যায়, তাই মান সম্মানের ভয়ে আগে থেকে নিজেরা বিয়ে দিচ্ছিলো। স্থানীয় ব্লক ও থানার তরফে নাবালিকাকে এরপর পাঠানো হয় বহরমপুর চাইল্ড লাইনে। জানা গিয়েছে, ভরতপুর ব্লক প্রশাসন, স্যাগ কেপি স্থানিয় সূত্র মারফৎ খবর পান যে পল্লীশ্রী গ্রামে এক নাবালিকার বিয়ে হচ্ছে এবং তখন তারা সঙ্গে সঙ্গে ভরতপুর থানার সাহায্য নিয়ে হাজির হয়ে যান বিয়ের মন্ডপে। মঙ্গলবার রাতেই বিয়ে হওয়ার কথা ছিল। সেই ভাবে বিয়ে বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। সেই সময় বিয়ে বাড়িতে পুলিশ দেখে অতিথিরা হতবাক হয়ে যান। প্রশাসনের পক্ষ থেকে বুঝিয়ে বিয়ের অনুষ্ঠান তৎক্ষণাৎ বন্ধ করা হয়।
