তিরুবনঅন্তপুরম, ১০ ফেব্রুয়ারি: নক আউটে উঠার লড়াইয়ে থাকার জন্য কেরলের বিরুদ্ধে ম্যাচটা বাংলার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু খারাপ বোলিংয়ের পর বাংলার ব্যাটাররা হতাশ করলেন দ্বিতীয় দিনের পর। কেরলের অফ স্পিনার জলজ সাক্সেনার সামনে বাংলার ব্যাটাররা এক প্রকার আত্মসমর্পণ করলেন। কেরলের প্রথম ইনিংসে ৩৬৩ রানের বিরুদ্ধে বাংলা ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করেছে। অল রাউন্ডার জলজ একাই ২০ ওভারে ৬৭ রান দিয়ে সাত উইকেট তুলে নেন। এখনও ১৯১ রানে পিছিয়ে রয়েছেন মনোজরা। অঘটন না ঘটলে এই ম্যাচে বাংলার হার শুধু সময়ের অপেক্ষা।
৪ উইকেটে ২৬৫ রানে ব্যাট করতে নেমে কেরলের ইনিংস ৩৬৩ রানে শেষ হয়ে যায়। সচিন বেবি ১১০ রানে অপরাজিত ছিলেন। তবে দ্বিতীয় দিন বেশি রান যোগ করতে পারেননি। ২৬১ বলে ১২৪ রানে আউট হন এই বাঁহাতি ব্যাটার। তাঁর ইনিংস ছিল ১২টি চার ও ১টি ছয়। তবে অক্ষয় চন্দ্রন প্রথম দিনের ৭৬ রানে নিয়ে খেলতে নেমে ২২২ বলে ১০৬ রান করেন। মারেন ৯টি চার। দুটো শতরানের সৌজন্যে কেরল ৩৬৩ রান করে। প্রথম ইনিংসে বাংলার শাহবাজ আহমেদ ৭৩ রানে ৪ উইকেট নেন। এছাড়া অনকিত তিনটে, সূরয-আকাশদীপ-করুণ লাল একটা করে উইকেট নেন।
বাংলা ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৬ রানে ফিরে যান রনজ্যোত সিং খাইরা। ৪৩ রানে ১ উইকেট হারায় বাংলা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অভিমন্যু ইশ্বরণ ও সুদীপ ঘরামি। দুজন দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৪ রান। ৯৩ বলে ৭২ রানে জলজের বলে আউট হন ওপেনার অভিমন্যু। তখন বাংলার স্কোর ছিল ২ উইকেটে ১০৭ রান। সেই পতনের শুরু। মনোজ, অনুষ্টুপ থেকে সুদীপ ঘরামি থেকে অভিষেক পোড়েল। সবাই অভিজ্ঞ জলজের অফ স্পিনের ফাঁদে পা দেন। ফলে মাত্র ৩৩ রানে বাকি ৬ উইকেট হারিয়ে আরও একটা হারের মুখে দাঁড়িয়ে বাংলা। দিনের শেষে করণ লাল ২৭ ও সূরয সিন্ধু জসওয়াল ৯ রানে ক্রিজে রয়েছেন।
