আশিক এলাহি, ০৯,০২,২৪ সময়ঃ ০৬,২৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির বাঘ, বেতাজ বাদশা। যাই বলুন না কেন, সেই শাহাজাহান কোথায়। কেউ জানে না। তার অনুপস্থিতিতেই সন্দেশখালি যেন বসে রয়েছে আগুনের গোলার ওপর। গ্রামবাসীদের মনে সঞ্চার হওয়া ক্ষোভের আগুন যে ছড়িয়ে পড়বে তা বোধহয় কেউ আঁচ করতে পারে নি। শাহাজাহান ঘনিষ্ট শিবু হাজরা, উত্তম সর্দার, লাল্টু বোসদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিলেন গ্রামবাসীরা। শুক্রবার তাদের পোলট্রি ফার্ম, বাগান বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে আসরে নামে ব়্যাফ। বেশ কয়েকজন নির্দোষ মানুষকে তারা ধরে নিয়ে যায়। এমনকি বেশ কয়েকজন নিরিহ মানুষকে মারধরও করা হয়। গ্রামবাসীদের বক্তব্য, শাহজাহান তো একা নন, এতগুলো বছর ধরে দিনের পর দিন শোষণ চালিয়েছেন শাহজাহানের ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দার, লাল্টু বোসদের মতো নেতারা। তাঁদের গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবারই ঘর থেকে সন্দেশখালির রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার আদিবাসী মহিলা। হাতে তাঁদের বাঁশ, লাঠি, কাঠারি! পুড়ে খাক একটার পর একটা ঘর। জেলিয়াখালির হালদারপাড়ায় শিবু হাজরার পোলট্রি ফার্ম রয়েছে। শুক্রবার সকালে সেখানেই আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। তাঁদের একটাই অভিযোগ, শিবু হাজরাকে এখনও কেন গ্রেফতার করা হল না?
