আশিক এলাহি, ০৭,০২.২৪ সময়ঃ ০৫,১২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ভুয়ো ডাক্তার, শিক্ষক, পুলিশ, রেলের টিটির কথা তো সবাই শুনেছেন। কিন্তু ভুয়ো আশা কর্মীর কথা কখনও শুনেছেন ? উত্তর ২৪ পরগনার প্রান্তিক এলাকা বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের কনকনগর গ্রামের উত্তরপাড়ায় খোঁজ মিলল ভুয়ো আশা কর্মীর। তার নাম দিপালী মাইতি। তবে তিনি জানিয়েছেন, তিনি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। কিন্তু তিনি যে সিডিউল কাস্ট তা তিনি জানতেন না। এমনকি তার সার্টিফিকেট কিভাবে সাধারণ থেকে তপশিলি হয়ে গেলো, তাও তিনি জানেন না।
এই চাকরিটি আসলে পাওয়ার কথা এই গ্রামের বাসিন্দা পাপিয়া মণ্ডলের। তাঁর কাছে উপযুক্ত সার্টিফিকেটও রয়েছে। তিনি প্রশাসনের সর্বস্তরে যোগাযোগ করেছেন এই বিষয়ে এবং বিষয়টিকে তদন্ত করার জন্য আর্জি জানিয়েছেন।
যদি অভিযুক্ত দিপালী মাইতির দাবি মেনে নেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে, কোনো এক ভুলে এই ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন হল সত্যিই কি কোনো ভুলে এই ঘটনা ঘটেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে প্রশাসন।
