পুড়ে ছাই ৪০ নৌকা নষ্ট ৩০ কোটির সম্পত্তি


দিন দর্পণ, বিশাখাপত্তনমঃ ভয়াবহ আগুন বিশাখাপত্তনমে। পুড়ে ছাই হয়ে গেল কমপক্ষে ৩৫ থেকে ৪০টি মাছ ধরার নৌকা। রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি বন্দরে হঠাৎ আগুন লাগে। আগুন লেগে যায় মাছ ধরার নৌকায়। নিমেষেই আগুন ধরে যায় দাঁড়িয়ে থাকা একের পর এক নৌকায়। পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ৩৫ থেকে ৪০টি নৌকা। আনুমানিক ৩০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি মৎসজীবীদের।

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিশাখাপত্তনম বন্দরে আগুন লাগে। নৌকায় থাকা জ্বালানি ট্যাঙ্ক ও সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। সেখান থেকে আরও ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। রাতভর আগুন নিয়ন্ত্রণের কাজ চালায় বিশাল দমকল বাহিনী। সতর্কতাবশে বন্দরের আশপাশ ফাঁকা করে দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্ত সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি বন্দরে নোঙর করানো একটি নৌকায় পার্টি চলছিল। সেখানেই প্রথম আগুন লেগে যায় বলে সন্দেহ। পাশে নোঙর করা বাকি নৌকাগুলিতেও নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে নৌকার জ্বালানি ট্যাঙ্ক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণও হয়। তবে মৎস্যজীবীদের অভিযোগ, দুষ্কৃতীরা ষড়যন্ত্র করে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা কি সত্যিই নাশকতার ষড়যন্ত্র? মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

গোটা ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। এদিকে, মৎসজীবীদের সন্দেহ, অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই কেউ নৌকাগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে। নাহলে একটি নৌকা থেকে আগুন এতটা ছড়িয়ে পড়তে পারে না। মৎসজীবীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৫ থেকে ৪০টি নৌকা পুড়ে গিয়েছে। আনুমানিক ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *