Avishek Banerjee- তৃণমূল কথা রাখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়


সুপর্ণা দে, ১৯.০১.২৪ সময়ঃ ০৪.২০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আলাদা মহকুমা হিসেবে উন্নীত করা হবে জলপাইগুড়ির ধূপগুড়িকে৷ উপনির্বাচনের প্রচারে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ উপনির্বাচন মিটে যাওয়ার পর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা৷

শেষ পর্যন্ত ধূপগুড়িকে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার৷ শুক্রবার নবান্নের তরফে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল৷ রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার সঙ্গেই অভিষেক লিখেছেন, ‘কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল৷ এছাড়াও তিনি লেখেন, গত ২ সেপ্টেম্বর আমি ধূপগুড়িকে মহকুমায় উন্নত করার কথা দিয়েছিলাম৷ মা মাটি মানুষের সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করায় আমি সম্মানিত৷ অনেক দূরে বসেও আমি চোখ বুজলেই এই ঘোষণায় যে মুখ গুলো খুশিতে ভরে উঠেছে, আমি দেখতে পাচ্ছি৷’

উল্লেখ্য, জলপাইগুড়িতে এতদিন দুটি মহকুমা ছিল৷ সেগুলি হল জলপাইগুড়ি সদর এবং মাল৷ রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে এই দুটি মহকুমার সঙ্গে যুক্ত ধূপগুড়ি৷ ধূপগুড়ি মহকুমার আওতায় থাকবে দুটি থান- ধূপগুড়ি এবং বানারহাট৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *