সুপর্ণা দে, ১৯.০১.২৪ সময়ঃ ০১.৪৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ভারত ছাড়াও বিদেশের মাটিতে স্থান পেতে চলেছেন প্রভু রাম। অস্ট্রেলিয়ার পার্থ শহরে তৈরী হবে রাম মন্দির। যার উচ্চতা হবে ৭২১ ফুট। বলা বাহুল্য যা কিনা অযোধ্যার থেকেও বড়ো হবে। এবং এটিই হবে বিশ্বের সব থেকে উঁচু রাম মন্দির। ১৫০ একর জায়গা নিয়ে তৈরি হবে এই মন্দির। খরচ পড়বে আনুমানিক ৬০০ কোটি টাকা। এই মন্দির প্রকল্পের তত্ত্বাবধান করবে ইন্টারন্যাশনাল শ্রীরাম বৈদিক অ্যান্ড কালচারাল ইউনিয়ন (ISVACU)।
এই মন্দির কমপ্লেক্সে থাকবে মোমবাতিতে সাজানো বারান্দা, চিত্রকূট, পঞ্চবটি নামে দুটি উদ্যান, রাম নিবাস নামে একটি হোটেল, সীতা রসোই রেস্তোরাঁ, রামায়ণ সদন লাইব্রেরি, তুলসীদাস নামের একটি সুবিশাল হল, একটি যোগ কেন্দ্র, একটি ধ্যান কেন্দ্র, একটি বেদ শিক্ষা কেন্দ্র, একটি গবেষণা কেন্দ্র এবং একটি জাদুঘর, একটি প্রযুক্তি উদ্যান, একটি জৈব-নিকাশী শোধনাগার, একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র।
