বেঙ্গালুরু, ১৮ জানুয়ারি, গত বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে দু’টি সুপার ওভারেই রোহিত ব্যাট করতে নামায় ক্ষুব্ধ আফগান শিবির। নিয়ম নিয়ে মুখ খুলেছেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট। রোহিতের হয়ে পাল্টা জবাব দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
ম্যাচ শেষে ট্রট বলেন, ‘রোহিত অবসৃত আউট হয়েছিল কি না জানি না। আমার কথা পরিষ্কার। আমরা রোজ নতুন নতুন নিয়ম তৈরি করছি। আইসিসির গাইডলাইন পরিবর্তন হচ্ছে। কবে কোন নিয়ম আসছে কেউ জানতে পারছে না। অনেকে সেই নিয়মের সুবিধা নিচ্ছে। এই ম্যাচেও সেটাই হয়েছে।’
রোহিত দু’টি সুপার ওভারে ব্যাট করতে নামলেও আফগানিস্তানের হয়ে আজমাতুল্লা ওমরজাই দু’টি সুপার ওভারে বল করতে পারেননি। সেই উদাহরণও টেনেছেন ট্রট। বলেন, ‘আমরা চেয়েছিলাম ওমরজাই দুটো সুপার ওভারেই বল করুক। কিন্তু আমাদের কেউ সেই নিয়ম জানায়নি। আইসিসির উচিত কী নিয়ম হচ্ছে তা সব দলকে জানিয়ে দেওয়া। নইলে ভবিষ্যতেও এই ধরনের সমস্যা হবে। আমার মনে হয় খেলা নিয়ে আলোচনা হওয়া উচিত। এই সব নিয়ম নিয়ে আর কত আলোচনা করব।’
দ্রাবিড় অবশ্য এ সব নিয়ে ভাবতে নারাজ। বলেন, ‘সব কিছুই খেলার অঙ্গ। ম্যাচ হেরে গেলে খারাপ লাগা স্বাভাবিক। নিয়ম সবার জন্যই এক। আমরা যা করেছি নিয়মের মধ্যে থেকেই।’
প্রথম সুপার ওভারে আফগান ক্রিকেটারের পায়ে লেগে বল দূরে চলে গেলে দৌড়ে ৩ রান নেয় তারা। এই ঘটনায় রোহিত ও বিরাট কোহলি বিরক্ত হলেও দ্রাবিড় এই প্রসঙ্গে বলেন, ‘এই ঘটনা হতেই পারে। প্রথম টি-২০তে আমাদের এক ব্যাটারের গায়ে লেগে বল দূরে যাওয়ায় আমরা রান নিয়েছিলাম। রান নেওয়া থেকে আটকাতে কোনও নিয়ম তৈরি হয়নি। তাই এতে অত ভাবার কিছু নেই।’
রোহিতকে পর পর দু’টি সুপার ওভারে ব্যাট করতে নামতে দেখে প্রশ্ন ওঠে, সাধারণত প্রথম সুপার ওভারে যাঁরা ব্যাট করেছেন, তাঁরা দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করেন না।
পরে এই ঘটনার ব্যাখ্যা করে আম্পায়ারেরা জানান, যেহেতু রোহিতকে আফগানিস্তানের কোনও বোলার আউট করতে পারেননি, তিনি নিজেই ‘অবসৃত আউট’ হয়েছেন, তাই ক্রিকেটের নিয়মে দ্বিতীয় সুপার ওভারে নামতে তাঁর সমস্যা নেই। আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরানের অনুমতি দরকার ছিল এবং তিনি অনুমতি দিয়েছিলেন।
