রাহুলের হাতে বিস্ফোরক তথ্য/ ভোট চুরি করছে কমিশন!


দিন দর্পণ, 01 আগস্ট: বিজেপির জন্য ভোট চুরি করছে নির্বাচন কমিশন! শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের কাছে কার্যত বোমা ফাটালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ভোট চুরির প্রমাণ আছে কংগ্রেসের কাছে, হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সাংসদ। এক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের (এসআইআর) পর এদিনই বিহারের প্রথম দফার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিকে এই প্রক্রিয়ার বিরুদ্ধে এদিনও সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি, রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধি এবং বিরোধী দলের অন্য সাংসদরা।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী দলনেতা সংসদ চত্বরে বলেন, ‘ভোট চুরি হচ্ছে। আমাদের কাছে এর প্রমাণ আছে। নির্বাচন কমিশন ভোট চুরির কাজে জড়িত।’ তিনি জানান, গত বছর মধ্যপ্রদেশের নির্বাচনের পর ভোট জালিয়াতির বিষয়টি নিয়ে কংগ্রেসের সন্দেহ হয়। তাই তারা পৃথক তদন্ত করেন। এই তদন্তে যা উঠে এসেছে, তাতে কংগ্রেস নিশ্চিত যে কমিশন বিজেপির জন্য ভোট চুরি করছে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ‘প্রতিদিনই এই ধরনের ভিত্তিহীন অভিযোগগুলি উঠছে। এই বিষয়গুলিকে নির্বাচন কমিশন গুরুত্ব দেয় না। রোজ এই রকম হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা সব নির্বাচনী আধিকারিকদেরই বলব, আপনারা পক্ষপাতহীন ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন। এধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে কান দেবেন না।’

রাহুল গান্ধি জোর দিয়ে বলেন, ‘আমরা জানি, মহারাষ্ট্রে রাজ্যস্তরে ভোট চুরি হয়েছে। ভোটার তালিকা সংশোধন হয়েছে এবং এক কোটি ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে। নির্বাচন কমিশন আমাদের সাহায্য না-করায় আমরা নিজেরাই বিস্তারিত খোঁজখবর শুরু করি। আমরা আমাদের মতো তদন্ত করেছি। ছ’মাস ধরে তদন্তের পর আমরা হাতে যা পেয়েছি, তা অ্যাটম বম্ব। এই বোমা ফাটলে দেশে নির্বাচন কমিশনকে আর দেখা যাবে না।’

প্রাক্তন কংগ্রেস সভাপতি হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনের যে বা যাঁরা এই ভোট চুরির সঙ্গে জড়িত, শীর্ষস্তর থেকে একেবার নিচুস্তরের কর্মী-তাঁদের খুঁজে বের করা হবে। রাহুল বলেন, ‘ভারতের বিরুদ্ধে কাজ করছে। এটা বিশ্বাসঘাতকতার থেকে কোনও অংশে কম নয়। আপনি অবসর নিতে পারেন, যেখানেই থাকুন, আপনাকে আমরা খুঁজে বের করব।’

বাদল অধিবেশনের প্রথম থেকেই বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে উত্তপ্ত সংসদের দুই কক্ষ। প্রতিদিনই কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা এসআইআর পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করছেন। এদিনই কংগ্রেস-সহ ইন্ডিয়া শিবিরের বিরোধী দলগুলি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে বিহারের এসআইআর নিয়ে বিশেষ আলোচনার আর্জি জানিয়ে চিঠি দিয়েছে।

এই চিঠিতে বিরোধী দলের সাংসদরা এসআইআর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি থাকতে এই বিশাল প্রক্রিয়া হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে বিহারের ভোটারদের। এর ফলে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল এদিন জোর দিয়ে বলেন, ‘আমার কথা হালকা ভাবে নেবেন না। আমার কাছে একশো শতাংশ প্রমাণ আছে। আমরা যে মুহূর্তে সেই প্রমাণ প্রকাশ করব, সঙ্গে সঙ্গে সারা দেশ জেনে যাবে নির্বাচন কমিশন কীভাবে ভোট চুরিতে প্রশ্রয় দিচ্ছে। আর তারা এই কাজ করছে বিজেপির জন্য।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *