দিন দর্পণ, 16 জুলাইঃ দিল্লির পাঁচটি স্কুলে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়াল। বুধবার সকালে রাজধানীর ওই স্কুলগুলিতে হুমকি ই-মেল আসে। এই নিয়ে গত তিন দিনে দিল্লির অন্তত দশটি স্কুলে দুষ্কৃতীরা বোমা হামলার হুমকি দিল।
বুধবার সকালে দিল্লির দ্বারকার সেন্ট থমাস স্কুল, বসন্ত ভ্যালি স্কুলে বোমা হামলার হুমকি আসে। এছাড়া দিল্লির বিভিন্ন প্রান্তে থাকা মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলেও বোমা হামলার হুমকি আসে। সঙ্গে সঙ্গে স্কুলগুলির তরফে খবর দেওয়া হয় পুলিশের কাছে। পাঁচটি স্কুলেই পৌঁছে যায় দিল্লি পুলিশ। আসে বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও সাইবার বিশেষজ্ঞ দল। যুদ্ধকালীন তৎপরতায় স্কুলগুলিকে খালি করে তল্লাশি চলে। কিন্তু বোমা বা ওই ধরনের সন্দেহজনক কিছুর সন্ধান পাওয়া যায়নি। হুমকি মেলগুলি কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞ দলের সদস্যরা। এর আগে সোমবার রাজধানীর নেভি চিলড্রেন স্কুল এবং সিআরপিএফ স্কুলে বোমা হামলার হুমকি এসেছিল ই-মেল মারফত। মঙ্গলবার হুমকি মেল পেয়েছিল সেন্ট স্টিফেনস কলেজ এবং চাওলার সেন্ট থমাস স্কুল। হুমকি মেলে বলা হয় স্কুলের মধ্যে আরডিএক্স ও আইইডি-র মতো বিস্ফোরক রাখা আছে। তবে তখনও স্কুলগুলিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তদন্তকারীরা মনে করছেন পুলিশ প্রশাসনকে বিপথে চালিত করতে কে বা কারা এমন কাজ করে চলেছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
