দিন দর্পণ, ৬মে, চন্ডীগড়ঃ পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর দেশের সব সীমান্তে নিরাপত্তা ও নজরদারি ব্যপকভাবে বেড়েছে।উপত্যকায় অবস্থিত গ্রামগুলিতে মাঝেমধ্যেই তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।এরই মাঝে তল্লাশি চালাতেই বিপুল অস্ত্রভান্ডারের খোঁজ পেল পাঞ্জাব পুলিশ ও ভারতীয় সেনা।পাশাপাশি জঙ্গি ঘাঁটির খোঁজও মিলেছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সকালেই পাঞ্জাব সীমান্ত অঞ্চলে তল্লাশি চালায় সেনাবাহিনী।সেখানেই উদ্ধার হয় রকেট চালিত গ্রেনেড সহ হ্যান্ড গ্রেনেড, আইইডি বিস্ফোরক, ওয়্যারলেস ডিভাইজ।সন্দেহ করা হচ্ছে, সেখানেই জঙ্গিদের ঘাঁটি ছিল।তবে অভিযানের খবর পেয়ে সেখান থেকে পালায় সন্ত্রাসবাদীরা।
পাঞ্জাব পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ টিম এই তল্লাশি অভিযান চালায়।যে ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে তাতে তাদের সন্দেহ, এলাকায় স্লিপার সেল সক্রিয় ছিল বা এখনও রয়েছে।শুধু তাই নয়, এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ তাদের সাহায্য করছে বলেও অনুমান।তবে পহেলগামের ঘটনার পর এক জায়গায় এত অস্ত্র কীভাবে এল, সে নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই।
রাজ্য পুলিশ এবং সেনা দুই পক্ষেরই সন্দেহ, এই অঞ্চলে স্লিপার সেলের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী সহ আইএসআই-এর।তাদের মদতেই পাকিস্তান থেকে পাক অধিকৃত কাশ্মীর হয়ে স্লিপার সেলের সাহায্যে জঙ্গিরা ভারতে ঢুকছে বলে মনে করা হচ্ছে।
জম্মু-কাশ্মীরের মতো না হলেও পাঞ্জাব সীমান্তেও একাধিক জঙ্গি সক্রিয় থাকে।বিগত কয়েক বছর ধরে যেভাবে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে তাতে পাঞ্জাব সীমান্ত নিয়েও চিন্তা বৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় সরকারের।এখন পহেলগাম আবহে ফের এই সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে।সক্রিয় জঙ্গিদের আস্তানার খোঁজ মেলায় রাজ্যবাসীও আতঙ্কিত।তবে পরিস্থিতি যে নিয়ন্ত্রণে রয়েছে, সেই আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ এবং সেনা।
