চলতি মাসেই চালু হতে চলেছে আলিপুর চিড়িয়াখানার ডিজিটাল গ্রন্থাগার


দিন দর্পণ, ২মে, কলকাতাঃ এবার ঘরে বসেই ব্যবহার করা যাবে আলিপুর চিড়িয়াখানার গ্রন্থাগার।চিড়িয়াখানার ১৫০ বছরের পূর্তি উপলক্ষে গ্রন্থাগারকে ডিজিটালাইজড করা হয়েছে।ডিজিটালি এই গ্রন্থাগার ব্যবহার করতে গেলে লগ ইন করতে হবে চিড়িয়াখানার ওয়েবসাইট।১৩১৬ দুষ্প্রাপ্য বই ও ১৫১৬টি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চালু হচ্ছে ডিজিটাল লাইব্রেরি।এই মাসে চালু হচ্ছে এই গ্রন্থাগার।

দেড়শো বছর পুরোনো আলিপুর চিড়িয়াখানার গ্রন্থাগারে সাধারণ মানুষের প্রবেশ ছিল না।গবেষণারত ছাত্রছাত্রীদের অনুমতি থাকলেও তাঁদের লাইব্রেরিতে বসেই পড়াশোনা করতে হত।এখন চিড়িয়াখানা ভ্রমণের পাশাপাশি এই গ্রন্থাগারে প্রবেশ করতে পারবেন দর্শকরাও।সেখানে কম্পিউটারে বসে ডিজিটাল লাইব্রেরি থেকে বই পড়তে পারবেন।

আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা অরুণ মুখোপাধ্যায় বলেন, ‘‘গ্রন্থাগার ডিজিটাইজ করার পর সাধারণ মানুষকে ছাড় দেওয়া হয়েছে।বইপ্রেমী বা পাঠকরা এখন গ্রন্থাগারে কম্পিউটারে বসে বই পড়তে পারবেন।তবে গবেষণা করছেন যাঁরা, তাঁরা এতে খুবই  উপকৃত হবেন।কারণ, এতদিন এখানে তাঁদের বসে পড়ার অনুমতি ছিল।কিন্তু বই বাইরে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না।ডিজিটাল লাইব্রেরি হওয়ায় তাঁরা এখন ঘরে বসেও পড়াশোনা করতে পারবেন।প্রয়োজনীয় তথ্য কপি করে রাখতে পারবেন।’’চিড়িয়াখানার বন্যপ্রাণীদের দেখতে দর্শকদের ভিড় লেগে থাকে।এখন লাইব্রেরিতে ছাড় মেলায় বন্যপ্রাণীদের সম্পর্কে জানতে আরও বেশি সংখ্যক দর্শক ভিড় জমাবে বলে মনে করছে আলিপুর কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *