দিন দর্পণ, ২মে, কলকাতাঃ কলকাতার একাধিক এলাকায় জলনিকাশি একটি বড়ো সমস্যা।এবার সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিলো কলকাতা পুরসভা।কিছুদিন আগে জোকার বিভিন্ন অলিতেগলিতে ভূগর্ভস্থ নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয়েছে।পুরসভা সূত্রে খবর কেইআইআইপি প্রকল্পের আওতায় ১২৪, ১৪২, ১৪৩ এবং ১৪৪ নম্বর ওয়ার্ডের ২১টি পাড়ায় প্রায় ৫২.৫ কিলোমিটার এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হবে।এরই পাশাপাশি যাতে নিকাশির জল দ্রুত খালে পৌঁছে যায় এবং বর্ষাকালের জমা জলের সমস্যা যাতে না হয় তার জন্য মোট ১২টি নিকাশি খাল কাটার কাজও শুরু হয়েছে।
নিকাশি প্রকল্পের কাজ ১৪৩ নম্বর ওর্য়াডে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।কারও এই ওর্য়াডে খোল নর্দমার সংখ্যা সবথেকে বেশি।সঙ্গে ঠাকুরপুকুর মহেশতলা পঞ্চায়েত সমিতির সঙ্গে লাগোয়া হওয়ার কারণে এখনও সেখানে পুর পরিষেবা দেওয়া সম্ভব হয়নি।অন্যান্য ওয়ার্ডগুলিতেও মূল সড়কের নীচে পাইপলাইন বসানোর পর অলিগলিতে নিকাশির কাজ করা হবে।কেইআইআইপি প্রকল্পের তৃতীয় ধাপে ১৪২ ও ১৪৪ নম্বর ওয়ার্ডে বড় রাস্তার তলায় পাইপ বসানোর কাজ হবে।আগামী কয়েক বছরের এই প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে গেলে জোকা এবং ঠাকুরপুকুর এলাকা যেমন খোলা নর্দমা থেকে মুক্তি পাবে, তেমনই বর্ষার মরসুমে জমা জলের সমস্যা থেকেও নিষ্কৃতি পাওয়া সম্ভব হবে।
