মন্দিরের দেওয়াল ভেঙে আট ভক্তের মৃত্যু


দিন দর্পণ, ৩০এপ্রিলঃ অন্ধ্রপ্রদেশে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।বিশাখাপত্তনম জেলায় চন্দনোৎসব অনুষ্ঠানের সময় প্রাণ গেল আট ভক্তের।মঙ্গলবার গভীর রাতের ঘটনা।বিশাখাপত্তনামের প্রসিদ্ধ এক মন্দিরের ভিতরের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে।এই দেওয়ালের নীচে চাপা পড়ে যান বহু ভক্ত।এই দেওয়াল ভেঙে পড়ায় মৃত্যু হয় আট জনের, আহত অনেকে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বিশাখাপত্তনম জেলার একটি মন্দিরে মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে।চন্দনোৎসব উপলক্ষে সেখানে বহু ভক্তের সমাগম হয়েছিল।গভীর রাত পর্যন্তও ছিল ভক্তদের ভিড়।সে সময় আচমকা মন্দিরের প্রায় ২০ ফুট উঁচু একটি দেওয়াল ভেঙে পড়ে।ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বহু ভক্ত।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাত ২টো ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।তবে কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে সিংহচলম পাহাড়ে হঠাৎ মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হয়।প্রাথমিক ভাবে অনুমান, সম্ভবত সেই কারণেই ভেঙে পড়েছে নবনির্মিত দেওয়ালটি।আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে, আট জন প্রাণ হারান।চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁদের।নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং তিন জন মহিলা রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।তারপরই উদ্ধারকাজ শুরু হয়।অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুড়ি অনিতাও ঘটনাস্থলে যান।বুধবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ চলছে।আরও কেউ ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করে হবে বলে ঘোষণা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *