দিন দর্পণ, ৩০এপ্রিলঃ বুধবার প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি ২০২৫ পরীক্ষার ফল।দুই পরীক্ষাতেই এগিয়ে বাংলার পরীক্ষার্থীরা।দুই পরীক্ষাতেই পাশের নিরিখে এগিয়ে মেয়েরা।পশ্চিমবঙ্গ থেকে আইএসসি-তে প্রথম কলকাতার মেয়ে সৃজনী।তাঁর প্রাপ্ত নম্বর ৪০০-তে ৪০০।তার সাফল্যে গর্বিত পরিবার এবং গোটা বাংলা।
সৃজনী রিজেন্ট পার্কের ফিউচার ফাউন্ডেশন স্কুলের পড়ুয়া।সৃজনী দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, ইংরেজি- চারটি বিষয়েই ফুল মার্কস পেয়েছে সে।পরীক্ষায় ভাল ফল করবে, এমনই আশা ছিল সৃজনীর।তবে ৪০০-তে ৪০০ কখনওই ভাবতে পারেনি পড়ুয়া।
চলতি বছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষায় বাংলায় পাশের হার ৯৮.৭৬ শতাংশ।তাদের মধ্যে ছাত্রী ও ছাত্রদের পাশের হার যথাক্রমে ৯৯.০৪ এবং ৯৮.৫৩ শতাংশ।আইএসসি বা দশম শ্রেণির পরীক্ষায় ছেলেদের পাশের হার ৯৮.৫৩ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৯৮.২০ শতাংশ।দুটি পরীক্ষাতেই বাংলায় ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা।
আইসিএসই এবং আইএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘যেসকল পরীক্ষার্থীরা পাশ করেছেন তাদের অনেক শুভেচ্ছা।আগামী দিনে তোমাদের সকলের সাফল্য কামনা করি।আজকের এই বিশেষ দিনে সকল পরীক্ষার্থীদের বাবা-মা, অভিভাবক, শিক্ষকদেরও অভিনন্দন জানাচ্ছি।যারা পরীক্ষায় সফল হতে পারল না, ভেঙে পড়লে চলবে না।তোমাদের উপর পূর্ণ আস্থা আছে।তোমাদের যাত্রাপথে আমার আশীর্বাদ এবং শুভকামনা সর্বদা তোমাদের সকলের সাথে থাকবে।’
