দিন দর্পণ, ২৯এপ্রিল, কলকাতাঃ কলকাতার একাধিক মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব গেল নবান্নে।চার রুটের চার স্টেশনের নামবদল করার প্রস্তাব বিভিন্ন মহল থেকে রাজ্যের কাছে দেওয়া হয়েছে।কোন কোন স্টেশনের নাম বদল করে কী কী নাম দেওয়া হবে সেই প্রস্তাব দেওয়া হয়েছে।জোকা-ধর্মতলা প্রকল্পের খিদিরপুর, নোয়াপাড়া-বিমানবন্দর প্রকল্পের জয়হিন্দ, নিউ গড়িয়া-বিমানবন্দর প্রকল্পের মধ্যে থাকা ভিআইপি রোড/তেঘরিয়া এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান,ধর্মতলা,শিয়ালদহ,মহাকরণ স্টেশনের যে কোনও একটির নাম বদলের প্রস্তাব জমা পড়েছে।
খিদিরপুর মেট্রো স্টেশনের নাম সেন্ট থমাস স্কুল খিদিরপুর অথবা খিদিরপুর সেন্ট থমাস স্কুল রাখার প্রস্তাব এসেছে।এই নাম দিয়েছে স্কুল কর্তৃপক্ষই।অন্যদিকে ভিআইপি রোড/তেঘরিয়া স্টেশনের নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশন নামের প্রস্তাব দেওয়া হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, শ্রীধাম ঠাকুরনগর, ঠাকুরবাড়ির তরফে।
অন্যদিকে, ডানলপের কিশোর কুমার ফ্যান ক্লাবের তরফে হাওড়া ময়দান, ধর্মতলা, শিয়ালদহ, মহাকরণের মধ্যে যে কোনও একটি স্টেশনের নাম তাঁর নামে রাখার আবেদন জানানো হয়েছে।পাশাপাশি, ‘জয়হিন্দ’ স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে মেট্রোর চিফ অপারেশন ম্যানেজারের তরফে।এই মেট্রো স্টেশনের নাম বদলের প্রাথমিক বিষয়টি রাজ্য সরকারই দেখে।তাই প্রস্তাবটি নবান্নে পাঠানো হয়েছে।তবে এই আবহে নাম বদল হবে কিনা, তার সিদ্ধান্ত হতে এখনও অনেক দেরি।কারণ প্রাথমিকভাবে রাজ্য তথা পরিবহণ দফতর এতে সম্মতি দিলে সেই প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে।চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেলমন্ত্রক।
