দিন দর্পণ, ১৭এপ্রিলঃ ভারতে প্রতি বছর কয়েক লক্ষ নাগরিক ডেঙ্গুতে আক্রান্ত হন।যার মধ্যে পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭০ হাজারেরও বেশি।তবে এবার ভারতে আসতে চলেছে ডেঙ্গুর ভ্যাকসিন।আগামী বছর কয়েকশো কোটি মানুষ পাবেন ডেঙ্গুর ভ্যাকসিন।এই ভ্যাকসিনটি তৈরি করছে প্যানাসিয়া বায়োটিক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সংস্থা।এই দুই সংস্থার দীর্ঘদিনের গবেষণার ফল ডেঙ্গুর ভ্যাকসিন।এই ভ্যাকসিনের দেশীয় সংস্করণের নাম ডেঙ্গু অল।বিভিন্ন প্রতিষেধক নিয়ে দেশজুড়ে প্রদর্শনী চলছে।পুরোদমে ভ্রাম্যমান প্রদর্শনী।মঙ্গলবার কলকাতায় এসে এই তথ্য জানিয়েছেন আইসিএমআর-এর প্রাক্তন মহানির্দেশক বলরাম ভার্গব।প্রায় পাঁচ বছর আগে ডা.ভার্গব যখন সংস্থার অধিকর্তা সেই সময় ভ্যাকসিন তৈরির এই প্রকল্পটি শুরু হয়েছিল।গবেষকদের আশা এরফলে ডেঙ্গু সংক্রমনে ব্যাপক রাশ টানা যাবে।
সূত্রের খবর, ‘ডেঙ্গু অল’ নামে এই ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।টেট্রাভ্যালেন্ট এই ভ্যাকসিনটি ডেঙ্গু ভাইরাসের চারটি স্ট্রেন (ডেন,১, ২, ৩, ৪) থেকেই সুরক্ষা দেবে।প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে খুবই ভালো ফলাফল দেখা গিয়েছে।তৃতীয় পর্যায়ের ট্রায়ালে দেশের ১৮টি রাজ্যের ১৯টি শহরের মোট ১০ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেছেন।যদিও ঠিক কবে এই টিকাটি বাজারে মিলতে শুরু করবে, তা অবশ্য জানা যায়নি।
আইসিএমআর,এর সূত্রের দাবি, সম্ভবত ২০২৬,এর মাঝামাঝি বাজারে চলে আসবে।চিকিৎসকরা বলছেন,ডেঙ্গু ভ্যাকসিন মিলতে শুরু করলে ফি বছর জুলাইয়ের পর থেকে মশাবাহিত এই রোগের সংক্রমণ যে ভয়াবহ অবস্থা হয় তার থেকে অনেকটাই রেহাই মিলবে।পশ্চিমবঙ্গেই শুধুমাত্র নয়, পাশাপাশি প্রতি বছরই বর্ষার সময় থেকে ডেঙ্গি ছড়ায় বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তামিলনাড়ুতে।যদিও ‘ডেঙ্গু অল’ টিকার দাম কত হবে, তা নিয়ে এখনও কেউ স্পষ্টভাবে বলতে পারছেন না।চিকিৎসকদের আশা, সেই দাম নিশ্চয়ই সাধারণের নাগালে রাখা হবে।
