দিন দর্পণ, কলকাতাঃ আবারও কলকাতায় অগ্নিকান্ড।কলকাতা হাইকোর্টের সংলগ্ন বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে।সেখানে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার রয়েছে।বৃহস্পতিবার দুপুরে আচমকা ওই বিল্ডিংয়ে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।আগুনের ভয়ানক শিখাও দেখা যায়।সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাইকোর্ট চত্বরে।আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
আগুন যে বিল্ডিংয়ে লাগে সেই বিল্ডিংয়ে শুধুমাত্র বিকাশ ভট্টাচার্যের চেম্বারই নয় তার সাথে একাধিক আইনজীবীর চেম্বার ও ল’ ফার্ম অফিসও রেয়েছে।আগুন ছড়িয়ে পড়লে যে শুধুমাত্র সেখানে উপস্থিত মানুষের জীবন সংশয় ঘটবে এমনটা নয়।তার সাথে একাধিক নথিপত্র থাকে সে সমস্ত পুড়ে গেলে সেগুলির ক্ষতি পূরণ করা সম্ভব নয়।আগুন নেভানোর জন্য দমকলের চারটি ইঞ্জিন উপস্থিত হয়।কিন্তু, কীভাবে আগুন লাগে তা এখনো স্পষ্ট নয়।শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান।
এমনিতে ওই এলাকা বেশ জনবহুল।চারপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে।সর্বক্ষণ গাড়িও যাতায়াত করে।তাই এমন এক জায়গায় আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়।বিল্ডিংয়ের কর্মীরা জানিয়েছেন, এখানে দুটি লিফট রয়েছে।তার মধ্যে পুরনো একটি লিফট বেশির ভাগ সময়ই বন্ধ থাকে।সেখান থেকেই আগুন লেগেছে।
