চাকরি হারাদের আশ্বাস বার্তা দিলেন রাজ্য সরকার


দিনদর্পণ, কলকাতাঃ গত শুক্রবার সুপ্রিমকোর্টের নির্দেশে এসএসসি-র পুরো প্যানেল বাতিল হওয়ায় ২৬হাজার শিক্ষক চাকরি হারান।এখন এই চাকরিহারা সকলেই  তাকিয়ে রাজ্য সরকারের পদক্ষেপের দিকে।সোমবার বেলা ১২টা নাগাদ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন ‘যোগ্য’ প্রার্থীরা।সেইমতোই সোমবারের বৈঠকে কিছুটা আশ্বাস পেলেন কর্মহীন শিক্ষকেরা।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ‘দু’মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার।আপনাদের কোন সার্ভিস ব্রেক হবে না।আপনাদের চাকরির দায়িত্ব সরকারের।’এমনকি ‘যোগ্য’দের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আরও বার্তা, নোটিস না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যাবেন, ভলান্টিয়ারিলি কাজ করুন, কেউ আটকাবে না।মনে রাখবেন, ২ মাস কষ্ট করলে ২০ বছর সুফল পাবেন।’ অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মেনেই ‘যোগ্য’দের দিক নির্দেশ করলেন মুখ্যমন্ত্রী। 

২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল ‘অসাংবিধানিক’, ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।এর মধ্যে তালিকায় রয়েছেন অন্তত ৭ হাজার ‘অযোগ্য’ শিক্ষক।বাকিদের মধ্যে থেকে ‘যোগ্য-অযোগ্য’ বাছাই করা যায়নি বলে শীর্ষ আদালতে জানায় এসএসসি।এর ভিত্তিতে সুপ্রিম কোর্টও বাছাইয়ের জন্য বাড়তি সময় না দিয়ে প্যানেল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী সোমবার অভিযোগ তুললেন।আর তা নিয়েই ঘোর সংশয়।‘যোগ্য’দের চাকরি কেন বাতিল হবে? এই প্রশ্ন উঠতে শুরু করে।তাঁদের দিশা দেখাতেই এদিন নেতাজি ইন্ডোরের সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আসলে সুপ্রিম কোর্ট যে রায় শুনিয়েছে, তাতে বেশ কিছু অস্পষ্টতা রয়ে গিয়েছে।তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, দআমরা সুপ্রিম কোর্টের কাছে তালিকা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য বলব।ব্যাখ্যা চাইব, যোগ্য প্রার্থীদের কী করা হবে? আশা করছি, তাঁদের চাকরি না কেড়ে কাজের সুযোগ দেওয়া হবে।যদি তা না হয়, তাহলে আমাদের বিকল্প ভাবনা আছে।শিক্ষাদপ্তরকে বলেছি, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে।‘অযোগ্য’দের উদ্দেশে তাঁর বক্তব্য, আগে যোগ্য চাকরিহারাদের জন্য ব্যবস্থা করি।তবে কেউ অযোগ্য প্রমাণিত হলে কারোর কিছু করার নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *