দিন দর্পণ, কলকাতাঃ ২০২৩ সালে গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার পরে বেআইনি নির্মাণ রুখতে কড়াকড়ি ব্যবস্থা শুরু করেছিল কলকাতা পুরসভা।কলকাতা শহরে অবৈধ নির্মাণ দেখলেই পুরসভার তরফে নোটিশ দেওয়া হচ্ছে।নোটিশ পাওয়ার পরেও আর কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলেই অভিযোগ।একাধিক জায়গায় নোটিশেরপরেও বিভিন্ন জাযগায় অবৈধ নির্মাণ চালিয়ে যাওয়া হচ্ছে।সম্প্রতি ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এমন অভিযোগ ওঠায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।এক্ষেত্রে পুরসভার কর্মীদের গাফিলতি সামনে আসছে। বিষয়টি জানতে পেরেই এবার আরও কড়াকড়ি শুরু করল পুরসভা।বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ না করার ক্ষেত্রে কোনও কর্মীর গাফিলতি থাকলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে পুরসভা।
কলকাতা পুরসভার কমিশনার এ বিষয়ে একটি নির্দেশ জারি করেছেন।তাতে বলা হয়েছে, বেআইনি নির্মাণ নিয়ে কোনও অভিযোগ ওঠার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সংশ্লিষ্ট সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পুরসভা সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচে দুর্ঘটনার পর লগবুক ব্যবস্থা চালু করেছিল কলকাতা পুরসভা।সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছিল, তাঁরা নিজেদের ওয়ার্ডে ১৫ দিন অন্তর অন্তর একই জায়গা পরিদর্শন করবেন।সেক্ষেত্রে কোনও বেআইনি নির্মাণ দেখলে বা অভিযোগ করলে লগ বুকে নথিভুক্ত করবেন, এবং পদক্ষেপ নেবেন।কিন্তু, সেই নির্দেশ জারি করলেও যে বেআইনি নির্মাণ নিয়ে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে না, টক টু মেয়রে সেই অভিযোগ উঠে আসছে।অনেক ক্ষেত্রে শুধুমাত্র পুরসভা নোটিশ দিয়ে কাজ চালিয়ে দিয়েছে। ফলে দেখা যাচ্ছে, সেখানে বেআইনি নির্মাণ অব্যাহত রয়েছে।
