দিন দর্পণ, নয়াদিল্লিঃ সুস্থভাবে বাঁচতে মানুষের অতিপ্রয়োজনীয় জিনিসটি হল বিভিন্ন রোগ নিরাময় ওষুধ।যা নিত্যদিনের এক বড় সঙ্গী বলা চলে।কিন্তু এবার দাম বাড়তে চলেছে ডায়বেটিস থেকে শুরু করে হার্টের এমনকি ক্যানসারের মতো একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের।যা নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে আমজনতার কপালে।সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত বহু ওষুধের দাম বাড়ানো হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।
অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট-এর জেনারেল সেক্রেটারি রাজীব সিংঘাল ইতিমধ্যে জানিয়েছেন, এইসব ওষুধের দাম কমপক্ষে ১.৭ শতাংশ বাড়তে পারে।ওষুধের কাঁচামালের দাম বৃদ্ধি হয়েছে তাই সামঞ্জস্য রাখার জন্য ওষুধের দাম বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।কিন্তু দাম বাড়ার সঠিক সময় জানাননি তিনি।রাজীবের কথায়, এখনও বাজারে এইসব ওষুধের অনেক স্টক রয়েছে।তাই সেগুলি শেষ না হওয়া পর্যন্ত দাম বাড়ছে না।তবে আগামী ৩ মাসের মধ্যেই নতুন দামে ওষুধ আসবে বাজারে।
কয়েক মাস আগেই অ্যাজমা, টিবি, গ্লুকোমা সহ মানসিক রোগ এবং থ্যালাসেমিয়ার ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।ঠিক কি কারণে এই ওষুধের দাম বাড়ানো হয়েছে তা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছিল ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, এইসকল ওষুধ তৈরিতে যে কাচাঁমালের প্রয়োজন তার দাম বেড়েছে।যে কারণে ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২০২৪ সালে নিয়মিত ব্যবহৃত ৪১টি ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার।সেই অনুযায়ী ডায়াবেটিস, হার্ট ডিজিজ এবং লিভার সংক্রান্ত রোগের ওষুধগুলির দাম কমে।কিন্তু বছর গড়াতেই আবার ওষুধের দাম বৃদ্ধির খবরে কপালে ভাঁজ ফেলেছে আমজনতার।
