হাওড়া বেলগাছিয়ার ধসে ক্ষতিগ্রস্তদের পুর্ণবাসনের আশ্বাস রাজ্য সরকারের


দিন দর্পণ, হাওড়াঃহাওড়া বেলগাছিয়ায় পানীয় জলের পাইপের লাইন বসাতে গিয়ে বিপত্তির জেরে বেজায় অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার।পদ্মপুকুর জলপ্রকল্পের মূল পাইপলাইনটি গিয়েছে বেলগাছিয়া মোড় থেকে এফ রোড হয়ে, বেলগাছিয়া ভাগাড়ের পাশ দিয়ে।আবার সেটির পাশ দিয়েই গিয়েছে উত্তর হাওড়ার মূল নিকাশি নালা।আর সে থেকেই এই বিপত্তি।ওই ভাগাড়ে হাওড়া শহরের যাবতীয় আবর্জনা জমে কার্যত পাহাড়ের আকার নিয়েছে।যেখান থেকে প্রায়ই ধস নেমে এলাকার মূল নিকাশি নালা অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটছে।তাছাড়া, জমা আবর্জনা থেকে মিথেন গ্যাস বেরিয়ে আগুন লেগে যায় প্রায়ই।ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা।এ দিন সকালে মাটির তলায় ধসের জেরে জলের পাইপলাইন ফেটে গোটা এলাকা ভেসে যায়।জল ঢুকে যায় একাধিক বাড়িতেও।প্রাথমিক ভাবে ইঞ্জিনিয়ারেরা মনে করছেন, ভূমিস্তরে জৈব গ্যাসের জেরে ক্ষয় ধরায় এই ধস।দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় ফাটল তৈরি হয়েছে।

এই ঘটনার জেরে দুর্ভোগের মধ্যে পড়েছেন বেলগাছিয়ার বাসিন্দাদের একাংশ।জবরদখলকারী হলেও এই মুহূর্তে সরকার তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না।বরং তাঁদের পুর্নবাসন দেওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে বসেছে পুর ও নগরোন্নয়ন দফতর।মঙ্গলবার এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম।হাওড়ায় পুরসভায় নির্বাচিত কোনও পুরবোর্ড নেই, তাই সেই দায়িত্ব ফিরহাদের দফতরেরই।যে কারণে মঙ্গলবার নিউ টাউনের পুর ও নগরোন্নয়ন দফতরে আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মন্ত্রী।

পুর্নবাসন প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ভাগাড়ের পাশে যাঁদের বাড়ি রয়েছে, তাঁরা জবরদখল করে আছেন।ভাগাড়ের জমির উপরেই তাঁরা বসবাস করছেন।সেই জায়গায় কোনও সলিড মাটি নেই, বাউন্সি ল্যান্ড।তবুও মুখ্যমন্ত্রী বলেছেন, গরিব মানুষদের পুনর্বাসন দিতে হবে।আমরা ভবিষ্যতে বাংলার বাড়ি তৈরির প্রকল্প নেব।তবে এখনই ওই জায়গায় পাকা বাড়ি করে দিলে আবার ধসে ক্ষতিগ্রস্ত হবে।তাই অস্থায়ী ভাবে কাছাকাছি কী করা যায় সেই নিয়েই আজকে বৈঠক আছে।তিনি আরও বলেন,এই ১২-১৩ বছরে ভাগাড়গুলি হয়নি।১০০ বছরেরও বেশি সময় ধরে জঞ্জালের পাহাড় জমেছে। সেই জঞ্জালের পাহাড় থেকেই ধস নামছে।মুখ্যমন্ত্রী আদেশ দেওয়ার পরে আমরা বায়োমাইনিং স্টার্ট করেছি। তা করতে টাইম লাগবে।আমার কাছে ম্যাজিক স্টিক নেই যে আজ বলব আর কাল ভাগাড়গুলি ভ্যানিশ হয়ে যাবে।৩-৪ বছর অন্তত সময় লাগবে।যেমন কলকাতার ধাপাতে হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *