দিন দর্পণ, কলকাতাঃ আইপিএল চলাকালীন ইডেন গার্ডেন্সের আশেপাশের রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ।এরআগে ১৭ই মার্চ বিবৃতি দিয়ে যান নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করে দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা।কিছু রাস্তায় শুধু মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে।ওই দিন বেশ খানিকটা সময় ধরে শহরের অনেক রাস্তায় পার্কিং সম্পূর্ণ বন্ধ রাখা হবে।এই পরিস্থিতিতে নিত্যযাত্রীদের বিকল্প রাস্তার কথাও জানানো হয়েছে।কলকাতা পুলিশ জানিয়েছে, ইডেন গার্ডেন্স বা কলকাতা ময়দান সংলগ্ন এলাকায় যত রাস্তা আছে, নির্দিষ্ট দিনে খেলা শুরু হওয়ার আগে সেই সব রাস্তায় মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।সন্ধ্যায় খেলা থাকলে ওই রাস্তাগুলিতে বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত মালবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে।বিকেলে খেলা থাকলে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত।প্রয়োজনে এই সময় আরও বৃদ্ধি করা হতে পারে।
ম্যাচের দিনগুলিতে মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রিত থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পাশের রাস্তায়।এর মধ্যে রয়েছে ডিএল খান রোড এবং ক্যাথিড্রাল রোডের মাঝের এজিসি বোস রোডের অংশ, হসপিটাল রোড, কুইনস্ওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন।বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ক্ষুদিরাম বোস রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি।কোনও গাড়িই এই রাস্তা দিয়ে যেতে পারবে না।বিকেলে খেলা থাকলে রাস্তাগুলি বন্ধ থাকবে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত।হাই কোর্টের দিকে যে সমস্ত গাড়ি যাবে, সেগুলিকে এসপ্ল্যানেড রো ওয়েস্ট দিয়ে যেতে দেওয়া হবে।
খেলার দিন নির্ধারিত সময়ে অন্যান্য গাড়িও বিভিন্ন বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।দক্ষিণ কলকাতার দিক থেকে বিবাদী বাগের দিকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে আরআর অ্যাভিনিউ বা জওহরলাল নেহেরু রোড-বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে।বাইক আরোহীদের খেলার দিনগুলিতে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, এসএন ব্যানার্জি রোড, আরআর অ্যাভিনিউ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।দক্ষিণ কলকাতা থেকে হাওড়ার দিকের গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং, এজেসি বোস রোড ক্রসিং এবং মেয়ো রোড ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।ইডেন গার্ডেন্সের ধারেকাছে খেলার দিনে কোনও ট্যাক্সি, বাস বা অন্যান্য গাড়ি পার্ক করা যাবে না।
