আইপিএল-এর প্রথম ম্যাচেই কালবৈশাখীর কারণে হতাশা


দিন দর্পণ, কলকাতাঃ ২২মার্চ থেকে শুরু আইপিএলের প্রথম ম্যাচ।এদিন কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে নামবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং অজিঙ্ক রহানের কলকাতা নাইট রাইডার্স।কিন্তু আলিপুর আবহাওয়া দফতর এই ম্যাচ নিয়ে হতাশার পূর্বাভাস শোনালো।কারণ আগামী কয়েক দিন কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে।কলকাতাও তার ব্যতিক্রম নয়।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছেন আবহবিদেরা।বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।কালবৈশাখী সাধারণত দুপুর বা বিকেলের পর হয়ে থাকে।ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।আগামী চার দিনের জন্য বিশেষ সতর্কবার্তা প্রকাশ করেছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে।সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।হতে পারে শিলাবৃষ্টিও।শুক্রবার থেকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং হাওড়াতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ কিছুটা কম থাকলেও ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।শনিবার শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে শনিবারও।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবাব পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।তবে ওই দিন দুর্যোগ কিছুটা কম থাকবে।দক্ষিণের সব জেলাতেই রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।জারি করা হয়েছে হলুদ সতর্কতা।রবিবারের পর থেকে বৃষ্টি কমতে পারে।বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে।বায়ুপ্রবাহও অনুকূলে রয়েছে।সেই কারণেই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *