কলকাতা শহরে জলের অপচয় রুখতে কড়া পদক্ষেপ নগরোন্নয়নমন্ত্রীর


দিন দর্পণ, কলকাতাঃ জলের অপচয় রুখতে এ বার কড়া পদক্ষেপ নিলেন নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক শঙ্কর ঘোষ জল অপচয় নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানতে চান।তাঁর জবাবে ফিরহাদ বলেন, ‘‘আমাদের সরকারের লক্ষ্য রাস্তার ধারের কল (স্ট্যান্ড পোস্ট)-এর সংখ্যা কমানো।এখনও সব বাড়ি বাড়ি জল দেওয়া হচ্ছে।আমরা বলেছি বাড়িগুলিতে জলের ট্যাঙ্ক করে জল ধরে রাখতে, যাতে সারা দিনই বাড়িতে জল পাওয়া যায়।কিন্তু কিছু কিছু জায়গায় এখনও সমস্যা আছে।তাই আমরা কিছু কিছু জায়গায় রাস্তার ধারের কল রাখতে বাধ্য হই।’’

তিনি আরও বলেন, ‘‘রাজ্যের পুরসভা এলাকাগুলিতে মোট ৭৩ হাজার স্ট্যান্ড পোস্ট রয়েছে।সেখানে জলের অপচয় রুখতে ট্যাপ লাগানো থাকে।কিন্তু তার পরেও অনেক সময় দেখা যায় বহু জায়গায় স্ট্যান্ড পোস্ট ভেঙে দেওয়া হচ্ছে।ট্যাপ লাগানো থাকলে জলের গতি একটু কম হয়।একটি বালতি ভরতে পাঁচ মিনিট সময় লাগতে পারে।আর রাস্তার ধারের কল গুলির মুখ ভেঙে দেওয়া হলে সেখানে তিন- চার মিনিটে একটি বালতি ভরে যায়।’’

পুরমন্ত্রীর কথায়, ‘‘কলকাতা পুরসভা এলাকায় আমরা ৩-৪ বার করে স্ট্যান্ড পোস্টের ট্যাপ লাগিয়ে দিয়েছি।কিন্তু তা সত্ত্বেও যদি ভেঙে দেওয়া হয়, তবে আমরা স্ট্যান্ড পোস্ট তুলে নেব।’’ফিরহাদ আরও বলেন, ৭৩ হাজার স্ট্যাম্প পোস্টের মুখে ট্যাপ বসানো হয়ে গিয়েছে।২৮২৩টি স্ট্যান্ড পোস্টের মুখে এখনও ট্যাপ লাগানো হয়নি।এর মধ্যে বহু ক্ষেত্রে ট্যাপ ভেঙে দেওয়া হয়েছে।’’ তথ্য দিয়ে পরে পুরমন্ত্রী জানান, জলের অপচয় রুখতে সাড়ে ৬৪ লক্ষ বাড়িতে জল পৌঁছে দিয়েছে সরকার।মার্চ মাসের মধ্যে আরও ১১ লক্ষ ৮২ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *